গান আর আড্ডায় নতুন বছর বরণ
ইংরেজি নতুন বছরের প্রথম দিনটা একটু অন্যভাবে উদ্যাপন করেছেন শিল্পীরা। ১ জানুয়ারি সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হয় আড্ডা, গান আর আলোচনার। আর এর আয়োজন করেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস ও কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।তাঁদের আমন্ত্রণে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শিল্পীদের ভিড় জমতে শুরু করে বেঙ্গল শিল্পালয়ে। আমন্ত্রিতরা নিয়ে এসেছিলেন মিষ্টি। কারণ, মুঠোফোন বার্তায় আমন্ত্রণ জানানোর সময় সবাইকে বলে দেওয়া হয়, ‘সঙ্গে আনতে হবে এক পোয়া মিষ্টি। এর চেয়ে বেশি কিন্তু কম নয়।’একেবারে ঘরোয়াভাবে এ আয়োজনের ব্যাপারে কানিজ আলমাস বললেন, ‘বছরের প্রথম দিনটা সবাই মিলে হইচই করব—তাই এ আয়োজন। আর এক পোয়া মিষ্টির ধারণা ফাহমিদার। উদ্দেশ্য, আমরা শিল্পীরা আজ শিল্পীদের খাওয়াব।’আর ফাহমিদার মতে, ‘এটা শুধুই শিল্পীদের পুনর্মিলনী।’‘প্রাণের মেলা’ শিরোনামে গত বছর থেকে এই আয়োজন করছেন তাঁরা। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন চিত্রশিল্পী, সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, অভিনয়শিল্পী, নাট্যকার, পরিচালক, প্রযোজক, মডেল, বিজ্ঞাপনী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে।সবার জন্য শুভ কামনা করে কেক কাটেন আবদুল্লাহ আবু সায়ীদ, জুয়েল আইচ, পার্থপ্রতিম মজুমদার, ইমদাদুল হক মিলন, আফজাল হোসেনসহ অনেকে। মধ্যরাত পর্যন্ত চলে গানের আসর।