গান আর আড্ডায় নতুন বছরকে বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি নতুন বছরের প্রথম দিনটা একটু অন্যভাবে উদ্যাপন করেছেন শিল্পীরা। ১ জানুয়ারি সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হয় আড্ডা আর গান নিয়ে প্রাণের মেলা। আর এ আয়োজন করেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস ও কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। তাঁদের আমন্ত্রণে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শিল্পীদের ভিড় জমতে শুরু করে বেঙ্গল শিল্পালয়ে। আমন্ত্রিত অতিথিরা নিয়ে এসেছিলেন মিষ্টি। কারণ, মুঠোফোন বার্তায় আমন্ত্রণ জানানোর সময় সবাইকে বলে দেওয়া হয়, ‘সঙ্গে আনতে হবে এক পোয়া মিষ্টি। এর চেয়ে বেশি কিংবা কম নয়।’একেবারে ঘরোয়া এ আয়োজনের ব্যাপারে কানিজ আলমাস বললেন, ‘বছরের প্রথম দিনটা আমরা সবাই একসঙ্গে মিলে হইচই করে কাটাচ্ছি। মাত্র দুই বছর আগে আমি আর ফাহমিদা মিলে এ আয়োজন শুরু করি। কিন্তু এরই মধ্যে প্রাণের মেলার ডাক অনেকের মাঝে পৌঁছে গেছে। অনেকেই এই মিলনমেলার জন্য অপেক্ষা করে থাকে। এখন আর দাওয়াত দিতে হয় না, স্বতঃস্ফূর্তভাবে সবাই চলে আসে।’সবাইকে শুভেচ্ছা জানিয়ে ফাহমিদা নবী বললেন, ‘এটা শুধুই শিল্পীদের পুনর্মিলনী। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা শিল্পীরা ২০১১ সালকে স্বাগত জানাচ্ছি। নতুন বছর যেন আরও ভালো কিছু করতে পারি, সেই প্রত্যাশা আমাদের সবার।’সবার জন্য শুভ কামনা করে রাত সাড়ে নয়টা নাগাদ কেক কাটা হয়। এ সময় আফজাল হোসেন বললেন, ‘বছরের শুরুটা প্রাণের টান দিয়েই শুরু হোক।’প্রাণের মেলা আয়োজনে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন চিত্রশিল্পী, সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, অভিনয়শিল্পী, নাট্যকার, পরিচালক, প্রযোজক, মডেল, বিজ্ঞাপনী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও অনেকে।প্রাণের মেলা আয়োজনে গান করেন তপন চৌধুরী, ফাহমিদা নবী, শাকিলা জাফর, শেলু বড়ুয়া, শাহেদ, মিলন মাহমুদ ও মুক্তি। প্রায় মধ্যরাত পর্যন্ত অব্যাহত ছিল আড্ডা আর গান।