গান-আলোচনায় সুফিয়া কামাল স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঐ তো লক্ষ ছেলেমেয়ে/ নাতি-নাতনি দামাল/ সবুজ দ্বীপের মতো মাঝখানে/ সুফিয়া কামাল’—সুমন চট্টোপাধ্যায়ের গানটি বারবার মনে পড়ছিল গতকাল। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে একঝাঁক নবীন শিল্পী গান করছিলেন—রজনীকান্ত সেনের ‘ধীর সমীর চঞ্চল নীরে’। মেয়েরা পরেছে কালো পাড়ের সাদা শাড়ি, ছেলেরা সাদা পাঞ্জাবি। তাঁদের পেছনে রয়েছেন চিরচেনা সুফিয়া কামাল। ছবিতে। মোটা ফ্রেমের চশমা। স্মিত হাসি। ফ্রেমে বাঁধা সেই ছবিতে কোমল হূদয়ের সাহসিনীর অবয়ব যেন উদ্ভাসিত। যেন নবীনদের বলছেন, ‘আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুলখেলা/ তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা...’। দেশের গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ও নারীমুক্তি আন্দোলনের অগ্রভাগে থাকা কবি সুফিয়া কামালের ১৩তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল মঙ্গলবার। ১৯১১ সালের ২০ জুন তাঁর জন্ম। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মারা যান। ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সুফিয়া কামাল। তাঁকে স্মরণ করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানট। ছায়ানটের প্রতিষ্ঠাতা সন্জীদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে ছিল স্মারক বক্তৃতা। ‘জনগণের মুক্তির উপায় সংস্কৃতি আর সেই দুর্গম পথকে সহজ করেছেন সুফিয়া কামাল।’ বললেন অধ্যাপক বেগম আকতার কামাল। সন্জীদা খাতুন বলেন, এগিয়ে চলতে পারলে সামনের বাধা পেছনে চলে যায়—এ শিক্ষা দিয়ে গেছেন সুফিয়া কামাল।অনুষ্ঠানে তিন কবির গান পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। ‘সামাজিক প্রতিরোধ কমিটি’র আয়োজনে: দেশে জামায়াত-শিবির তাণ্ডব চালাচ্ছে। রামুতে বুদ্ধমূর্তি ভাঙার মতো সাম্প্রদায়িক ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে জননী সাহসিকা কবি সুফিয়া কামালের জীবন ও কর্ম স্মরণ করে সাহস সঞ্চয় করতে হবে। তাঁর আদর্শ মেনে সামনে এগোতে হবে।নারীমুক্তি, গণতন্ত্র ও সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কবি বেগম সুফিয়া কামালের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় আলোচকেরা এ কথা বলেন।গতকাল মঙ্গলবার নগরের সিরডাপ মিলনায়তনে ৬৮টি সংগঠনের মোর্চা ‘সামাজিক প্রতিরোধ কমিটি’ এই সভার আয়োজন করে।আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক কবিকন্যা সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলো’ প্রতিপাদ্যভিত্তিক ওই সভার শুরুতে সুফিয়া কামালের ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অংশগ্রহণকারীরা। কণ্ঠশিল্পী ইফফাত আরা দেওয়ান, আজিজুর রহমান ও কবির নাতনি তিয়া গান গেয়ে শোনান।সভায় সুলতানা কামাল বলেন, প্রতিটি মানুষ সম্মান নিয়ে বৈষম্যহীন সমাজে বাস করতে পারবে, এমন রাষ্ট্রই ছিল সুফিয়া কামালের কাছে অসাম্প্রদায়িক রাষ্ট্র।মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, দেশে গণতন্ত্রের সংকট, উগ্র ধর্মীয় রাজনীতির চর্চা, পারস্পরিক দোষারোপের রাজনৈতিক সংস্কৃতি পরিত্যাগের মাধ্যমে গণতন্ত্রকে সংহত করতে হবে। এর মাধ্যমেই সুফিয়া কামালের আদর্শের প্রতিফলন ঘটানো সম্ভব। সাংসদ বেবী মওদুদ বলেন, সুফিয়া কামাল ছিলেন একটা বড় আশা-ভরসার জায়গা। তিনি ছিলেন মায়ের মতো। কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরিন আখতার বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্রের কথা চিন্তা করলেই সুফিয়া কামালের নাম মনে হয়। উবিনীগের পরিচালক ফরিদা আখতার বলেন, ‘বৌবাজারে আগুন জ্বলতে দেখে খালাম্মার (সুফিয়া কামাল) কথা মনে হয়েছে। খালাম্মা থাকলে তিনি ঠিকই বৌবাজারে চলে যেতেন। আমরা কিন্তু যাইনি। আমরা অনেক দায়িত্ব এড়িয়ে চলি।’ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির সুফিয়া কামালের আদর্শ অনুসরণ করে এগিয়ে চলার আহ্বান জানান।সভায় মমতাজ বেগম, আরোমা দত্ত, রঞ্জন কর্মকার, চঞ্চনা চাকমা আলোচনায় অংশ নেন। সভায় প্রস্তাব পড়ে শোনান গণসাক্ষরতা অভিযানের আবেদা সুলতানা।