গান-আলোচনায় ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেলসন ম্যান্ডেলা সংগ্রামের প্রতীক। তিনি সারা পৃথিবীর বঞ্চিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে প্রেরণার অনন্ত উৎস। যত দিন পৃথিবীতে বঞ্চিত ও নিপীড়িত মানুষ থাকবে, তত দিন তিনি ও তাঁর সংগ্রামের ইতিহাস প্রাসঙ্গিক থাকবে। নেলসন ম্যান্ডেলার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে ঋষিজ শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ। সভাপতিত্ব করেন ঋষিজ শিল্পী গোষ্ঠীর সভাপতি ফকির আলমগীর। স্বাগত বক্তব্য দেন ঋষিজের সহ-সভাপতি ফকির সিরাজ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝর্ণা আলমগীর।আলোচনার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গানে গানে নেলসন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা ও অভিবাদন জানানো হয়। সূচনাসংগীত হিসেবে পরিবেশিত হয় আসাদুজ্জামান নূরের লেখা ‘ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা/ জয় জয় জয়তু ম্যান্ডেলা’ গানটি। ফকির আলমগীরের সুরে সমবেত কণ্ঠে গানটি পরিবেশন করেন ঋষিজের শিল্পীরা। এ ছাড়া তাঁরা ‘ওরা আমাদের গান গাইতে দেয় না’ ও ‘কালো কালো মানুষের দেশে’ গান দুটি গেয়ে শোনান। ‘আমি তো জীবনের জয়গান গাই’ ও ‘আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ’ গান দুটি পরিবেশন করেন স্বভূমি লেখক-শিল্পী কেন্দ্রের শিল্পীরা। ক্রান্তি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গেয়ে শোনান ‘সেদিন আর কত দূরে’ ও ‘ওই উজ্জ্বল দিন’ গান দুটি। এ ছাড়া সংগীত পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও বিবর্তনের শিল্পীরা।ইসলামি বইমেলাপবিত্র রমজান মাস সামনে রেখে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে দেড় মাসব্যাপী ইসলামি বইমেলা। গত রোববার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্ব্বরে বইমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী।মেলায় রয়েছে ৫২টি স্টল। চলবে পুরো রমজান মাস।শিশু নাট্যোৎসববাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে শিশু নাট্যোৎসব আয়োজনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার রংপুর, সুনামগঞ্জ, পঞ্চগড় ও জামালপুরে শিশুদের অংশগ্রহণে নাট্যোৎসব অনুষ্ঠিত হয়।নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, রংপুরে গতকাল মঙ্গলবার শিশু নাট্যোৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে শিশুদের প্রতিভা অন্বেষণে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা শিশু একাডেমীর আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়। জেলার সাত উপজেলার সাতটি নাট্যদল এ উৎসবে অংশগ্রহণ করে।বিকেলে স্থানীয় টাউন হলে এ উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বি এম এনামুল হক। উৎসবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমীন খান।সুনামগঞ্জ প্রতিনিধি জানান, শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে শিশু নাট্যকর্মীরা মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে। উৎসবে জেলার নয়টি শিশু নাট্যদল অংশ নিয়ে উপেনদের কথা, খ্যাতির বিড়ম্বনা, পরি, আঁখিজল, বাল্যবিবাহ ও যৌতুক, বেড়া, ভোরের সূর্য এবং অতিলোভে মোড়ল নষ্ট নাটক মঞ্চস্থ করে।পঞ্চগড় প্রতিনিধি জানান, ‘নাট্যচর্চার মাধ্যমে তাদের বক্তব্য প্রকাশের সুযোগ পায়’ স্লোগান নিয়ে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে শিশু নাট্যোৎসব। গতকাল পঞ্চগড় সরকারি মিলনায়তনে শিশু নাট্যোৎসবের আয়োজন করে জেলা শিশু একাডেমী। উৎসবে জেলার তিনটি দল নাটক মঞ্চস্থ করে।এর আগে একাডেমী চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী শিশু নাট্যোৎসব। বাংলাদেশ শিশু একাডেমী জামালপুর জেলা শাখা এ উৎসবের আয়োজন করে।সকাল ১০টা থেকে বিকেলে সাড়ে চারটা পর্যন্ত জেলার সাতটি সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান নাট্যোৎসবে অংশ নেয়।