গান ও কবিতার অর্ঘ্যে রবীন্দ্রস্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু। আবহমানকালের বাংলার বর্ষাকে যেন তিনি নতুন করে আবিষ্কার করেছিলেন। বৃষ্টির অজস্র জলধারায় পরিপুষ্ট তাঁর বিচিত্র রচনাসম্ভার। বর্ষা ঋতুতেই ঘটেছিল তাঁর মহাপ্রয়াণ।ঋতুচক্রের নিয়ম মেনে গতকাল শনিবার শ্রাবণের দিন ছিল বরিষণমুখর। ঢাকাসহ সারা দেশের ভক্তরা ৭০তম প্রয়াণ দিবসে কবিগুরুকে স্মরণ করেছেন তাঁর গান ও কবিতার অর্ঘ্য দিয়ে।সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শুরু হয় কেন্দ্রীয় খেলাঘর আসরের খুদে শিল্পীদের পরিবেশিত ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি দিয়ে। এরপর ছিল কবিতা ও গান।জয়ন্ত চট্টোপাধ্যায় আবৃত্তি করেন ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’। পরে শিল্পী সাঈদা ইসলাম শোনান ‘যেতে যদি হয়’ ও ‘পুব হাওয়াতে দেয় দোলা’। আরও গান করেন তপন মাহমুদ, ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, মিতা হক, সালমা আকবর, লাইসা আহমেদ লিসা প্রমুখ। তাদের পরিবেশনায় ছিল ‘তুমি রবে নীরবে’, ‘যে রাতে মোর দুয়ারগুলি’, ‘আবার যদি ইচ্ছা করো’, ‘চিরসখা, ছেড়ো না মোরে’, ‘হে মোর দেবতা’, ‘জীবন আমার যত আনন্দ’, ‘হার মানা হার পরাবো তোমার গলে’, ‘এবার দুঃখ আমার অসীম পাথার’, ‘এই কথাটি মনে রেখো’, ‘আমি চঞ্চল হে’ ইত্যাদি গান।শিলাইদহ কুঠিবাড়িতে: কুষ্টিয়া প্রতিনিধি জানান, ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানটি দিয়ে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে শুরু হয়েছিল রবীন্দ্রস্মরণ অনুষ্ঠান। কুষ্টিয়া জেলা পরিষদ ও শিলাইদহ রবীন্দ্র সংসদের যৌথ উদ্যোগে গতকাল কুঠিবাড়ির বকুলতলা চত্বরে অনুষ্ঠান শুরু হয়। এতে ছিল আলোচনা ও সংগীত পরিবেশনা। বগুড়া: বগুড়া থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল বগুড়ার আমরা ক’জন শিল্পীগোষ্ঠী পৌর উচ্চবিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। পরে শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নৃত্যনাট্য পরিবেশন করেন।