গান ও টিভিকে বিদায় শাহনাজ রহমতউল্লাহর
অনেক দিন শাহনাজ রহমতউল্লাহর নতুন কোনো গান শোনা যায়নি। টিভি কিংবা মঞ্চেও তাঁকে তেমন দেখা যায়নি। এবার শাহনাজ রহমতউল্লাহ জানালেন, তিনি আর গান করবেন না। টিভির কোনো অনুষ্ঠানেও যাওয়ার ইচ্ছা নেই। গত বুধবার তিনি প্রথম আলোকে বললেন, ‘৫০ বছর ধরে গান করছি। সংগীত আমাকে অনেক কিছু দিয়েছে। আজ যে অবস্থানে আছি, তা সংগীতের জন্যই। শ্রোতাদের ভালোবাসায় আমি ধন্য। কোনো অভিমান কিংবা অভিযোগের কারণে গানের জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি না। এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেক তো হলো, এবার নিজের মতো করে জীবনের বাকিটা সময় কাটাতে চাই।’শাহনাজ রহমতউল্লাহ জানালেন, সম্প্রতি তিনি একটি মিশ্র অ্যালবামে গান গেয়েছেন। নাম বাদলদিনের পাখি। কিছুদিনের মধ্যে অ্যালবামটি বাজারে আসবে। এরপর আর কোনো অ্যালবাম কিংবা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেবেন না তিনি। এদিকে দেশ টিভির বেলা অবেলা সারাবেলা অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, এটাই তাঁর শেষ টিভি অনুষ্ঠান। সাক্ষাৎকারটি নিয়েছেন আসাদুজ্জামান নূর। আগামী ১ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠানটি প্রচারিত হবে। শাহনাজ রহমতউল্লাহ জানান, তিনি ১৯৬৩ সালে নতুন সুর ছবির মধ্য দিয়ে প্লেব্যাক শুরু করেন। এ পর্যন্ত বেরিয়েছে তাঁর চারটি অ্যালবাম।