বাংলাদেশ গ্রাম থিয়েটারের সপ্তম জাতীয় সম্মেলন ও দিবা-রাত্রি লোকনাট্য উৎসব
গান, কথা আর অভিনয়ে মুগ্ধ দর্শক
চৈত্রের মধ্যরাতের উজান ঠেলে যখন গ্রাম থিয়েটারের ভেলা উষার আলোয় আরেক দিনের সকালের ঘাটে ভেড়ে, তখন জীবনানন্দে ভরে ওঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠের উন্মুক্ত মঞ্চ আর গ্রাম থিয়েটারের কর্মীদের বুক। ৩১ মার্চ ও ১ এপ্রিল মঞ্চে তখন ভোরের স্নিগ্ধ আলোয় বাজছে ভৈরবী রাগে জালালের বাঁশি আর শিমুলের কণ্ঠ সঙ্গে সৌজন্যের বাদন। দিবা-রাত্রি সম্মেলন ও লোকনাট্য উৎসবের এই ভেলায় ছিল শতবর্ষের ঐতিহ্যমণ্ডিত নাট্যপালা, কবিতা বলা আর জীবন-রাজনীতি-সমাজ-সংস্কৃতি-মুক্তিযুদ্ধ ও দেশ নিয়ে গুণী মানুষদের কথামালা। বক্তাদের অপূর্ব বয়ান আর লোকনাট্যের অভিনয়কলায় নির্ঘুম মেতে থাকা শ্রোতা-দর্শকের রাত্রি জাগরণের ক্লান্তি দূর হয়ে যায়। সাংগঠনিক কাজ হলো সংগঠনের শৃঙ্খলার প্রয়োজনে। জাতীয় পর্যায়ে একটি সংগঠনের সাধারণ সম্পাদক হলেন ঢাকার বাইরের, বগুড়ার তৌফিক হাসান। একাধারে নাট্যকার ও নির্দেশকের সঙ্গে এবং এর নিচে একঝাঁক তরুণ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় দপ্তরে।
কিন্তু কেন্দ্রীয় কমিটি নির্বাচন প্রধান কাজ নয় কখনোই গ্রাম থিয়েটারের সম্মেলনে। সম্মেলন কেন্দ্র করে যে ঐতিহ্যবাহী নাট্যমেলার আয়োজন, সেটাই মুখ্য। আমরা দেখে ফেলি, জেনে ফেলি—ঝিনাইদহের ভোর হলোর ‘রাধার মান ভনজন’। নিরাভরণ থিয়েটারের ‘পুতুলনাচ’, সিঙ্গাইরের ‘লাঠিখেলা’, টাঙ্গাইলের ‘সং যাত্রা’, সিরাজগঞ্জের ‘ধুয়াগান, দিনাজপুরের ‘কবিগান’, গোবিন্দগঞ্জের ‘দেশ বন্দনা’, লালমনিরহাটের ‘কৃষাণ পালা’, সঙ্গে থাকে লাইসা আহমেদ লিসার রবীন্দ্রসংগীত, প্রিয়াংকা গোপের নজরুলসংগীত, লালনগীতি। এ বিরতিহীন মঞ্চকর্মের পাশাপাশি বিদগ্ধ বয়ান চলেছে অর্থনীতি, রাজনীতি, যুদ্ধাপরাধী, ভাষা ও শিল্পতত্ত্ব বিষয়ে। মফিদুল হক, সলিমুল্লাহ খান, বিনায়ক সেন, তুরিন আফরোজ, আফসার আহমেদের গভীর তাত্ত্বিক ও সমসাময়িক বাস্তবতার চেতনাসমৃদ্ধ অপূর্ব বয়ানে ঋদ্ধ হয়েছেন গ্রাম থেকে আসা সহস্রাধিক গ্রাম থিয়েটার-কর্মী।
২ এপ্রিল ভোরে যখন আসর সাঙ্গ হলো, তখন বিদায়ের আয়োজন চারদিকে। ভোরের নরম আলোয় চোখ সজল হয়। আর কি দেখা হবে আরেক ফাল্গুন অথবা চৈত্রে? হয়তো হবে। হয়তো হবে না। কিন্তু মন থেকে এ গৌরব যাবে না যে আমরা জীবন নিবেদিত করেছিলাম বাংলার সংস্কৃতি ও শিল্পের রূপরীতি অন্বেষণে।
গৃহমুখী শিল্পকর্মীদের বিদায়ের বেদনা দৃশ্যমান। কিন্তু তার মাঝেও প্রত্যয়দীপ্ত শরীরের ভাষা এ কথা জানান দিয়ে যায় যে মুক্তিযুদ্ধের বাংলাদেশে বাঙালির নিজস্ব নাট্য ও শিল্পরীতির নিরিখে ‘জাতীয় নাট্য আঙ্গিক’ বিনির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জয় হোক বাংলাদেশ গ্রাম থিয়েটারের।