গান কবিতা কথায় নজরুলকে স্মরণ
প্রাণঢালা শ্রদ্ধা ও ভালোবাসায় দেশবাসী গতকাল শুক্রবার স্মরণ করল জাতীয় কবিকে। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল কাজী নজরুল ইসলামের প্রয়াণ ঘটে ১৯৭৬ সালের ২৭ আগস্ট ঢাকায়। গতকাল ছিল কবির ৩৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সারা দেশেই বিভিন্ন সংগঠন আয়োজন করে নানা কর্মসূচির।শিল্পকলা একাডেমীর নজরুল স্মরণভাদ্রের বৃষ্টি-ধোয়া স্নিগ্ধ বিকেলে শুরু হয় শিল্পকলা একাডেমীর নজরুল স্মরণ। অনুষ্ঠানটি হয় একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে।সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক মাহমুদ সেলিমের স্বাগত বক্তব্যের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ঘণ্টাব্যাপী আয়োজনে ছিল গান, কবিতা ও নাচ। নজরুলসংগীতশিল্পী ইয়াকুব আলী খানের কণ্ঠে ‘মনে রাখার দিন গিয়াছে, এখন ভোলার বেলা/ আর লাগে না ভালো/ আমার হৃদয় নিয়ে খেলা’ গান দিয়ে শুরু হয়। স্মরণদিনের উপযোগী ‘আমি যখন রইবো না’ গানটিও গেয়ে শোনান ইয়াকুব। এরপর কল্পনা আনাম ‘আল্লাহতে যার পূর্ণ ঈমান’ ও ‘বিশ্বব্যাপীয়া আছো তুমি জেনো’ গেয়ে আনন্দ দেন দর্শকদের। নজরুলের ধর্মীয় গানগুলোর জন্য সুপরিচিত এম এ মান্নান ‘সুদূর মক্কা মদীনার পথে’ ও ‘নামায পড়ো রোজা রাখো’, সিফাত-ই-মঞ্জুর ‘চাঁদ হেরিছে চাঁদমুখ তার’ ও মো. মফিজুর রহমান ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি’ গানগুলো পরিবেশন করেন। ওসমান গনি কবি নজরুলকে নিয়ে লেখা স্বরচিত ‘নজরুলকে মনে পড়ে যায়’ কবিতাটি আবৃত্তি করেন। সবশেষে ছিল দীপা খন্দকারের পরিচালনায় নাচ। ‘কারার ঐ লৌহ কপাট/ভেঙে ফেল কররে লোপাট’ ও ‘শিকল পরার ছল’ গান দুটির সমন্বয়ে ছয় নৃত্যশিল্পী পরিবেশন করেন নাচ। নাচের ভাব আর গানের কথার সম্মিলনে ফুটে ওঠে বৈচিত্র্যপিয়াসী এ কবির ‘বিদ্রোহী’ রূপ। কবির বিভিন্ন আঙ্গিকের সৃষ্টি উপস্থাপনের মধ্য দিয়ে তাঁর কাজের একটি সামগ্রিক ছবি তুলে ধরার চেষ্টা ছিল এই স্মরণানুষ্ঠানে। শ্রোতা-দর্শকের কাছে নজরুল হয়ে ওঠেন বিদ্রোহে যেমন চূড়ান্ত বিদ্রোহী, প্রেমে তেমনই চূড়ান্ত প্রেমিক। এ আয়োজনের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন রাজিয়া আখতার।নজরুল ইনস্টিটিউটের আয়োজননজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নেয় নজরুল ইনস্টিটিউট। ২০ আগস্ট থেকে শুরু শিশু-কিশোরদের নজরুল সংগীত, ছবি আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয় গতকাল। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে নজরুল ইনস্টিটিউটের আয়োজনে কবির মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সংস্কৃতি সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের শুরুতে ‘বিদ্রোহী কবিতা রচনার ৯০ বছর’ শীর্ষক মূল আলোচনায় অংশ নেন নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম। ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার।এরপর ঘোষণা করা হয় আগামী বছর ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর পূর্তি উপলক্ষে ইনস্টিটিউটের এ কবিতাটির ওপর বিশ্লেষণধর্মী নানা কর্মসূচি নেওয়ার কথা। অনুষ্ঠানে ইনস্টিটিউট থেকে প্রকাশিত নজরুলের গানের শুদ্ধ সুর ও বাণীর দুটি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবাম দুটি হচ্ছে অনেক কিছু বলার এবং যাহা কিছু মম। উভয় অ্যালবামের শিল্পীদের সংগীত-প্রশিক্ষক হিসেবে ছিলেন নজরুলের গানের দুই জীবন্ত কিংবদন্তি সুধীন দাস ও সোহরাব হোসেন। আর অ্যালবাম দুটি পরিচালনা করেছেন সুজেয় শ্যাম। এরপর সাংস্কৃতিক পর্বে নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীরা কবির ইসলামী সংগীত ও কবিতা পরিবেশন করে। মাহিদুল ইসলাম আবৃত্তি করেন ‘খেয়াপারের তরণী’ কবিতাটি।নজরুল একাডেমির নজরুল স্মরণ গতকাল বিকেলে নজরুল একাডেমিতে নজরুল উৎসবের উদ্বোধন করা হয়। রাজধানীর মগবাজারের নজরুল ভবনে আয়োজিত এই উৎসবে নজরুলচর্চায় সক্রিয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। ‘নজরুল একাডেমি’ এবং ‘সুরসপ্তক’-এর শিল্পীদের সমবেত গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। কবির নাতনি খিলখিল কাজী, নজরুলসংগীতশিল্পী খালিদ হোসেন, ফেরদৌস আরা, নজরুল-গবেষক আসাদুল হক, সৈয়দ আখতার ইউসুফ অনুষ্ঠানে অতিথি ছিলেন।উদীচীর আয়োজনবিকেলে উদীচী কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর শাখার আয়োজনে এই অনুষ্ঠানে কবির গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়। ছিল নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনাও। উদীচী ঢাকা মহানগর সহ-সভাপতি এ এন রাশেদার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ড. আশরাফুজ্জামান সেলিম। এ ছাড়া আলোচনা করেন উদীচীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম, সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, ঢাকা সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার প্রমুখ। উদীচী সংগীত বিভাগ, উদীচী লালবাগ শাখা ও নজরুলসংগীতশিল্পী সোহানা আহমেদ নজরুলের গান গেয়ে শোনান। ছিল আবৃত্তি পরিবেশনাও।ফুলে ফুলে শ্রদ্ধা নিবেদনসকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় জাতীয় কবির মৃত্যুবার্ষিকীর কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকীর নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি শোভাযাত্রা বের হয়। ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তাসহ শোভাযাত্রাটি কবির সমাধিতে গিয়ে ফুল দেয়। বাংলাদেশ আওয়ামী লীগও কবির মৃত্যুবার্ষিকী পালন করে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগও কবির সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে।