গান-কবিতায় চে গুয়েভারাকে স্মরণ

১৯৬৭ সালের ৯ অক্টোবরের দিনটিতে যিনি চে-কে হত্যা করতে এসেছিলেন, তাঁকে চে গুয়েভারা প্রশ্ন করেছিলেন, ‘তুমি কি আমাকে হত্যা করতে এসেছ?’ হত্যাকারীর ‘হ্যাঁ’-সূচক জবাবের উত্তরে চে বলেছিলেন, ‘আমাকে মারতে পারো, কিন্তু বিপ্লবের মৃত্যু নেই।’
বিপ্লবী আর্নেস্ট চে গুয়েভারার দেহান্তর হয়েছে ঠিকই, কিন্তু তাঁর আদর্শ ছড়িয়ে গেল পৃথিবীর নানা প্রান্তে। তারুণ্যের প্রতীকে পরিণত হয়ে অমর হয়ে রইলেন কোটি কোটি মানুষের মনে। লাতিন আমেরিকা থেকে বহুদূর রাজধানী সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে কথায়, গান ও কবিতায় চে গুয়েভারাকে স্মরণ করল ঋষিজ শিল্পীগোষ্ঠী।
গতকাল বিকেলে চে গুয়েভারার ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়’ শিরোনামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, নাট্যজন মামুনুর রশীদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর।
শুরুতে ঋষিজ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন ‘এই সমাধি তলে’ এবং ‘ওরা আমাদের গান গাইতে দেয় না’ গান দুটি। এরপরই হয় আলোচনা। এতে বক্তারা বলেন, আমৃত্যু বিপ্লবী চে। দেশে দেশে বিপ্লব করেছেন। বিশ্বে বহু দেশের, বহু জাতি তাদের মুক্তির জন্য সংগ্রাম করেছে। চে সব বিপ্লবীর মধ্যে ব্যতিক্রম এ জন্য যে তিনি কেবল কোনো একটি দেশের বা কোনো জাতির জন্য বিপ্লব করেননি। তিনি বিপ্লব করেছেন বিশ্বের সব নিপীড়িত মানুষের জন্য। গোটা মানব জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি তরুণ মনকে উদ্দীপ্ত করে চলেছেন সব সময়। চে পৃথিবী বদলের যে স্বপ্ন দেখতেন, তার পুরোটা না হলেও পৃথিবী কিন্তু বদলাচ্ছে এবং বদলাবে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কবিতা ও গানে চে গুয়েভারাকে স্মরণ করা হয়।