গান ছাড়া বিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান ছাড়া জাস্টিন বিবারকে ভাবা যায়! অথচ এমনটি ঘটতেই পারত। মাত্র ১৫ বছর বয়সে রাতারাতি তারকায় পরিণত হওয়া কানাডিয়ান পপ গায়ক জাস্টিন বিবার মানসিক চাপ সহ্য করতে না পেরে একসময় সংগীতই ছেড়ে দিতে চেয়েছিলেন। শুরুর দিকে তুমুল এই তারকা খ্যাতির সঙ্গে খাপ খাওয়াতে যথেষ্ট বেগ পেতে হয় তাঁকে। আর তাই একটা সময়ে গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় পাকাপাকি করে ফেলেছিলেন ‘টিন সেনসেশন’খ্যাত এ সংগীতশিল্পী। অবশ্য ভক্তদের ভালোবাসার কারণেই শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।‘বহুবার নিজেকে আমি বলেছি— অনেক হয়েছে, আর নয়। গান গাওয়া চালিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। কিন্তু আমার প্রতি ভক্তদের অকৃত্রিম ভালোবাসাই গান থামাতে দেয়নি আমাকে।’ ১৮ বছর বয়সী এ সংগীত তারকার উদ্ধৃতি দিয়ে সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে এমটিভি নিউজ। বিবার আরও বলেছেন, ‘ভক্তদের ভালোবাসা আমার ক্ষুদ্র এ জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বহুবার ভেঙে পড়েছি, কিন্তু ভক্তদের উত্সাহ আর সহযোগিতা নিয়ে আবারও উঠে দাঁড়িয়েছি। তাঁদের নিঃশর্ত ভালোবাসার কারণেই অনেক কষ্ট হলেও শেষপর্যন্ত সংগীতকে ছাড়িনি।’ উল্লেখ্য, ২০০৯ সালে প্রকাশিত হয়েছিল বিবারের প্রথম গান ‘ওয়ান টাইম’। মুক্তির পরপরই কানাডায় সেরা ২০ গানের মধ্যে স্থান করে নিয়েছিল তা। আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সাড়া ফেলে দেয় গানটি। ২০০৯ সালের নভেম্বরে প্রকাশিত হয় বিবারের প্রথম অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড-ইপি’। বিলবোর্ডের সেরা ১০০টি গানের মধ্যে ৭টি গানই ছিল এই অ্যালবামের। বিবারই প্রথম শিল্পী যাঁর প্রথম অ্যালবামের এতগুলো গান বিলবোর্ডে ঠাঁই পেয়েছিল। এছাড়া ২০১০ সালের মার্চে প্রকাশিত হয় বিবারের দ্বিতীয় অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড ২.০’। ২০১১ ও ২০১২ সালে প্রকাশিত হয় তাঁর ‘আন্ডার দ্য মিসলটো’ এবং ‘বিলিভ’ অ্যালবাম দুটি।