গান ছেড়ে দিচ্ছেন আসিফ
মাস কয়েক আগে দ্বিতীয়বারের মতো আসিফ জানিয়েছিলেন, তিনি আর চলচ্চিত্রে গান করবেন না। এরপর চলচ্চিত্রে আর কোনো নতুন গান করেননি তিনি। এবার আসিফ জানালেন, আর কোনো নতুন গানই তিনি করবেন না। তাহলে ভক্তদের কী হবে? প্রশ্ন করতেই আসিফ বললেন, ‘ভক্তদের নিরাশ করব না। তাদের জন্য শুধু মঞ্চে গান করব।’ আসিফ জানান, সেপ্টেম্বরের পর থেকে কোনো নতুন গান তিনি আর রেকর্ড করবেন না। এই সময়ের মধ্যে তার তিনটি অ্যালবাম বাজারে আসবে। এর মধ্যে রয়েছে একটি একক এবং কনকচাঁপা ও মুহিনের সঙ্গে দুটি দ্বৈত অ্যালবাম। নিজের সিদ্ধান্তের ব্যাপারে অটল আসিফ; বললেন, ‘এই কথার কোনো নড়চড় হবে না।’ আসিফ জানালেন, ১৬ মার্চ সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন তিনি। এরপর টিভি, চলচ্চিত্র, রেডিওর জন্য আর কোনো রেকর্ডিংয়ে অংশ নেবেন না। কেন এ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি?আসিফ বললেন, ‘আমাদের সংগীতজগতে যে অসামঞ্জস্য—এটা তার বিরুদ্ধে একটা প্রতিবাদ। স্রোতের বিরুদ্ধে লড়াই করে এত দিন সংগীতশিল্পীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছি। কিন্তু সবার কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাইনি। তাই নিজেই এই জগত্ থেকে সরে যাচ্ছি।’ এখন থেকে পুরোপুরি মনোযোগ দেবেন নিজের ব্যবসা আর রাজনীতির দিকে। তিনি বললেন, ‘গান গেয়ে মানুষকে এত দিন আনন্দ দিয়েছি। এবার রাজনীতির মাধ্যমে দেশের মানুষের জন্য ভালো কিছু করতে চাই।’আসিফ আরও বললেন, ‘এখনো আমার প্রতিটি অ্যালবাম লাখ লাখ কপি বিক্রি হচ্ছে। শ্রোতাদের কাছে এই চাহিদা থাকতে থাকতেই বিদায় নিতে চাই। ধুঁকে ধুঁকে গান করার কোনো ইচ্ছে নেই।’