গান দিয়ে অর্ষার যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্ন ডাঙায় হেঁটে যাও তুমি, ভোরের আলোর পথ ধরে/হাতছানি দিয়ে ডাকো আমায়, তোমার পথের সঙ্গী হতে’—এমনই এক রোমান্টিক গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে শুটিং শুরু হচ্ছে লাক্স তারকা নাজিয়া হক অর্ষার চলচ্চিত্র যাত্রা। এটি তাঁর প্রথম চলচ্চিত্র। নাম ‘ফেরারী ফানুস’। কথা ছিল ফেব্রুয়ারি মাসেই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। কিন্তু বিশ্বকাপ খেলার কারণে শুটিং কিছুদিন পেছাতে হয়েছে। ১৯ মার্চ ছবিটির প্রথম শুটিং শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট এলাকায় প্রথম দিনের শুটিং করা হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে। দিনব্যাপী গানের শুটিং শেষে কিছুদিন বিরতি দিয়ে আবার এপ্রিল মাসে নিয়মিতভাবেই শুটিং চলবে বলে জানা যায়।অর্ষা বলেন, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। তাই অনেক দিন থেকেই নানা ধরনের প্রস্তুতি নিচ্ছি। আমার কাছে গল্পটা এ সময়েরই বলে মনে হয়েছে। আশা করছি এটি একটি ভালো মানের চলচ্চিত্র হবে।’ ফেরারী ফানুস ছবির গল্প তৈরি হয়েছে স্বপ্নবাজ এক তরুণের সংগীত পরিচালক হওয়ার স্বপ্নকে নিয়ে। স্বপ্নবাজ এই তরুণকে সংগীত পরিচালক হিসেবে দেখার জন্য এগিয়ে আসে তারই দুই বন্ধু। একসময় পাশে এসে দাঁড়ান বাবাও। অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যেও তিনি আন্তরিকভাবে চেষ্টা করেন প্রিয় সন্তানের স্বপ্ন পূরণ করতে। এভাবেই এগিয়ে যায় ফেরারী ফানুস ছবির গল্প।আবীর শ্রেষ্ঠর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ফেরারী ফানুস চলচ্চিত্রে অর্ষার সহশিল্পী হিসেবে অভিনয় করবেন আরেক টেলিভিশন অভিনেতা রওনক হাসান।এদিকে ২৬ মার্চ থেকে সিলেটের শ্রীমঙ্গলে সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক সাতকাহনের শুটিং শুরু করবেন তিনি। নাটকে তিনি কেন্দ্রীয় দীপাবলি চরিত্রটিতে অভিনয় করবেন। সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে সাতকাহন নাটকটি পরিচালনা করবেন গোলাম সোহরাব।