গান নিয়ে দেশ সফর শুরু
গান নিয়ে দেশ সফর শুরু করেছেন বেবী নাজনীন। এই সফরের শুরুটা হলো ঢাকা থেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘বেবী নাজনীন লাইভ ইন ঢাকা’। এরপর তিনি যাবেন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুরে। আধুনিক গানের শিল্পী হলেও বৃহস্পতিবার সন্ধ্যায় বেবী নাজনীন তাঁর এই সংগীতানুষ্ঠান শুরু করেন ঠুমরি, রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি গেয়ে। শোনালেন প্রায় চার দশকে তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলো। ছিল উর্দু ও হিন্দি গজল এবং ইংরেজি পপগানও। বেবী নাজনীনের এই সংগীত সফরের প্রথম অনুষ্ঠানের আয়োজন করে সিজেএফবি। আর এই সংগীত সফরের পৃষ্ঠপোষকতা করছে ইউসিবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিজেএফবির উপদেষ্টা তানভীর তারেক ও তামিম হাসান। এরপর বক্তব্য দেন ইউসিবির চেয়ারম্যান এম এ হাসেম, পরিচালক এম এ সবুর, পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ, গ্লোব সফট ড্রিংকসের চেয়ারম্যান হারুনুর রশীদ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম, মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মজিদ মণ্ডল এবং সিজেএফবির সভাপতি এনাম সরকার।বেবী নাজনীনের এই অনুষ্ঠানে আরও গান করেছেন রুমানা ইসলাম ও নির্ঝর। প্রায় মধ্যরাত পর্যন্ত চলে গান। বেবী তাঁর এই অনুষ্ঠান শেষ করেন দেশের গান দিয়ে।