গান নিয়ে বই আর আবৃত্তির অ্যালবাম
সংগীতশিল্পী হিসেবে শফিক তুহিনের পরিচয়টা অল্প দিনের। এরই মধ্যে বেরিয়েছে দুটি অ্যালবাম। একটি হলো স্বপ্ন এবং তুমি আর অন্যটি মিশ্র অ্যালবাম, নাম শফিক তুহিন ডটকম। শফিক গান লিখছেন সেই ২০০১ সাল থেকে। এ পর্যন্ত শাহনাজ রহমতউল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, সামিনা চৌধুরী, আইয়ুব বাচ্চু, আসিফ, বাপ্পা মজুমদার, খালিদসহ আরও অনেকে শফিক তুহিনের লেখা গান করেছেন। নিজের লেখা থেকে বাছাই করা জনপ্রিয় ১০১টি গান নিয়ে আজ বেরোচ্ছে শফিক তুহিনের গীতিকবিতার বই এর বেশি ভালোবাসা যায় না। একই সঙ্গে বের হচ্ছে আবৃত্তির অ্যালবাম। বইয়ের নামেই অ্যালবামটি। আর প্রচ্ছদও একই। এর বেশি ভালোবাসা যায় না অ্যালবামে ২২টি গীতিকবিতার আবৃত্তি রয়েছে। আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা, বিপাশা হায়াত, আরমান পারভেজ, শামস সুমন ও শারমিন লাকী। এটি প্রকাশ করেছে জি সিরিজ। শফিক তুহিন জানান, বই ও অ্যালবাম বেরিয়ে গেছে। কাল বুধবার বিকেলে বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় বই ও অ্যালবামের মোড়ক খোলা হবে।