
২০০৪ সাল পর্যন্ত ৪২৫টি ছবির গানে কণ্ঠ দিয়েছেন খুরশীদ আলম। তাঁর কণ্ঠে ঠিক কত হাজার গান এ দেশের সংগীতাঙ্গন পেয়েছে, তা বলা কঠিন। তবে ছোট্ট একটা উদাহরণ দেওয়া যায়, যাতে কিছুটা আন্দাজ করা সম্ভব। নীহাররঞ্জন গুপ্তের শিশুতোষ কাহিনি অবলম্বনে নির্মিত লালু ভুলু ছবিতে গান ছিল সাতটি। এর সব কটি গানেই কণ্ঠ দেন খুরশীদ আলম। এমন অসংখ্য ছবিতে তিনি একাধিক গান গেয়েছেন। আরও অসংখ্য গান গেয়েছেন বেতার ও টিভিতে।
তবে চলচ্চিত্র নয়, বরেণ্য এই শিল্পী নিজের গানের উত্থানের কথা বলতে গিয়ে টেনে আনেন বেতারের কথা। ‘তোমার দুই হাত ছুঁয়ে শপথ নিলাম’ গানটি রেকর্ডিং করা হয় বেতারের বাণিজ্যিক অনুষ্ঠানের জন্য। কবি সিরাজুল ইসলামের কথা আর আজাদ রহমানের সুরে গানটির মধ্য দিয়ে দারুণ পরিচিতি পান খুরশীদ আলম। একসময় তিনি নিজেও তা বুঝতে পারেন। কারণ তৎকালীন পাকিস্তানে এইচএমভির সর্বাধিক বিক্রির তালিকায় গানটি ছিল সপ্তম স্থানে।
খুরশীদ আলম বলেন, ‘আজাদ সাহেবের (আজাদ রহমান) সঙ্গে আমার পরিচয় হয় ১৯৬৭ সালে। তিনি তখন ভারত থেকে এ দেশে এসেছেন। চাচা তাঁর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন। ওই সময় আজাদ রহমানের সুরে দুটি গান করি। একটি গান ছিল “চঞ্চল দু নয়নে বল না” আর অন্যটি “তোমার দুই হাত ছুঁয়ে শপথ নিলাম”। দুটো দুই ধরনের গান। আমার তো বরাবরই এসব গানের ব্যাপারে আবেগ কম। কিন্তু “তোমার দুই হাত ছুঁয়ে শপথ নিলাম” যখন তৎকালীন পাকিস্তান কাঁপিয়ে দিল, বুঝলাম ভালো কিছু হয়েছে। গানটি ওই সময় নুরজাহান, রুনা লায়লার মতো শিল্পীর গানের সঙ্গে প্রতিযোগিতা করে টপ চার্টে সপ্তম স্থানে টিকে ছিল।’
গানটি নিয়ে বিব্রতও হয়েছিলেন তিনি। কীভাবে? বললেন, ‘এটা এমন একটি গান যে সবাই ধরে নেয়, আমি প্রেমে ব্যর্থ হয়েছি। আর তাই গানটি গাওয়া। যেখানে গানটি নিয়ে কথা ওঠে, সেখানেই বিষয়টি চলে আসে। কিন্তু আমি তাদের বোঝাতে পারি না যে, এটা শুধু কাজের জন্যই গাওয়া আর গানের কথা তো আমার লেখা নয়। তবে ব্যক্তিগত জীবনে এ নিয়ে কখনো ঝামেলা হয়নি।’