চ্যানেল নাইনে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক নাগরিক। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন আলভী আহমেদ। এতে অভিনয় করছেন রাহুল আনন্দ। বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো অনেক কিছু করেন...হ্যাঁ। মঞ্চে কাজ করি, টিভিতে অভিনয় করি, গান গাই। আজ (শুক্রবার) এসেছি একটি কর্মশালায়। আফসানা মিমি নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। নাম রান। এই ছবিতে যে ছেলেরা অভিনয় করবে, তাদের সঙ্গে বসেছি। ‘নাগরিক’ নাটকটি নিয়ে বলুন।আমরা চার বন্ধু মেসে থাকি। আমাদের চার রকমের ভাবনা। কাজও ভিন্ন ভিন্ন। আটপৌরে জীবন। এই নাটকে আমাদের অংশগুলো যখন শুট্ হয়, তখন কোনো মেয়ে অভিনয়শিল্পী থাকে না। এটা নিয়ে আমরা খুব মজা করি।আপনাদের একটি ব্যান্ড আছে, ‘জলের গান’। নামটি জলের গান কেন?একটি সুন্দর বাংলা নাম রাখতে চেয়েছিলাম। আমাদের গানে প্রকৃতি-বন্দনার একটি ব্যাপার থাকে। এ দেশে অনেক নদী। এত নদী আর কোনো দেশে আছে কি না, জানি না। আমাদের ভূমিটাই জলাভূমি। আর জলের চলার গতির সঙ্গে সুরের একটি চমৎকার মিল রয়েছে। তাই সবাই ভেবেচিন্তে ব্যান্ডের নাম রেখেছি ‘জলের গান’। জলের গানের অ্যালবামের খবর কী?আমাদের নিজস্ব একটি স্টুডিও আছে। সেখানে অনেকগুলো গান তৈরি হয়ে আছে। আর তা দিয়ে দু-তিনটি অ্যালবাম করা সম্ভব। কিন্তু করছি না। কেন?ভাবছি, গানগুলো এমনি এমনিই সবাইকে দিয়ে দেব। গান শোনার জিনিস। গান নিয়ে ব্যবসা করব না। কিন্তু কী পদ্ধতিতে দেব, তা চূড়ান্ত করিনি।এবার মঞ্চের প্রসঙ্গ। প্রাচ্যনাট থেকে সামনে নতুন কিছু করার সম্ভাবনা আছে?নভেম্বরের মাঝামাঝি আমরা উন্মুক্ত মঞ্চে একটি উৎসব করব, সোহ্রাওয়ার্দী উদ্যানের মুক্তাঙ্গনে। তাতে আমাদের পাঁচটি নাটক থাকবে। আরও ১০টি দলকে আমন্ত্রণ জানিয়েছি।