গান রেকর্ডিং দিয়ে শুরু 'ধ্যাততেরিকি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ধ্যাততেরিকি’র মহরতে রোশান, শামীম আহমেদ, শওকত আলী ইমন, কবির বকুল, আবদুল আজিজ, কনা ও ইমরান
‘ধ্যাততেরিকি’র মহরতে রোশান, শামীম আহমেদ, শওকত আলী ইমন, কবির বকুল, আবদুল আজিজ, কনা ও ইমরান

‘ছবিটির নামেই একটা ব্যাপার আছে। কমেডি-অ্যাকশনধর্মী গল্প। তবে অ্যাকশনটাও কমেডি আকারে দেখা যাবে পর্দায়। এর আগে আমাদের এখানে এ ধরনের পুরো একটি কমেডি-অ্যাকশন ছবি হয়নি।’ বলছিলেন ‘ধ্যাততেরিকি’ ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজারে একটি স্টুডিওতে ছবিটির একটি গান রেকর্ডিং করার মধ্য দিয়ে মহরত হয় ছবিটির।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছবির পরিচালক শামীম আহমেদ রনি, ছবিটির চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু, গীতিকার কবির বকুল, সংগীত পরিচালক শওকত আলী ইমন, সংগীত শিল্পী কনা, ইমরান ও ছবিটির এক নায়ক রোশান।

‘ধ্যাততেরিকি’ ছবির গানে কণ্ঠ দিলেন ইমরান ও কনা
‘ধ্যাততেরিকি’ ছবির গানে কণ্ঠ দিলেন ইমরান ও কনা

অনুষ্ঠানে ছবিটির পরিচালক জানান, আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘ধ্যাততেরিকি’ ছবির শুটিং। সিলেটের জাফলংয়ের কাছাকাছি জৈন্তা পাহাড় লোকেশনে শুরু হবে। সেখানে টানা ২৫ দিন চলবে এই শুটিং।
অনুষ্ঠান শেষে কবির বকুলের লেখা ‘তোর প্রেমে অলরেডি মন দেওয়ানা’ শিরোনামে ছবিটির একটি গানে কণ্ঠ দেন কনা ও ইমরান। গানটির সংগীত পরিচালক শওকত আলী ইমন।
‘ধ্যাততেরিকি’ ছবিটিতে অভিনয় করছেন রজতাভ দত্ত, আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান, বিশ্বজিৎ, সুপ্রিয় দত্ত প্রমুখ।
যৌথ প্রযোজনার এই ছবিটির আরেক প্রযোজনা প্রতিষ্ঠান কলকাতার এসকে মুভিজ।