প্রকাশিত হয়েছে অডিও অ্যালবাম তারেক মাসুদের গান আর ডিভিডিতে তারেক মাসুদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর। বাজারে এনেছে লেজার ভিশন। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবাম দুটির মোড়ক খোলা হয়। কথা হলো প্রয়াত তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদের সঙ্গে।তারেক মাসুদ যে গান লিখতেন, তা অনেকের কাছেই অজানা ছিল।তারেক নিজেও তা কখনো প্রকাশ করতে চাননি। শুধু তাঁর কাছের মানুষজন জানতেন। তিনি লিখতেন আ তা মাসুদ নামে। এটাই ছিল গীতিকার হিসেবে তারেক মাসুদের পরিচয়। চলচ্চিত্র নির্মাণের জন্য তাঁকে যে ধরনের আয়োজন ও ব্যবস্থাপনার ঝক্কি পোহাতে হতো, গান লেখার ক্ষেত্রে তা ছিল না। তাই গান লেখার ব্যাপারটিকে সব সময়ই ভীষণ উপভোগ করতেন তারেক। ‘তারেক মাসুদের গান’ অ্যালবামে তারেক মাসুদের সব কটি গানই রয়েছে?না, যে গানগুলো তারেক নিজেই শেষ করেছিলেন, সেগুলোই এখানে রেখেছি। তাঁর অনেকগুলো অসমাপ্ত লেখা গান রয়েছে, সেগুলো রাখিনি। এবার ‘নরসুন্দর’ ছবিটি ডিভিডিতে বের করেছেন।তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এ উদ্যোগ নিয়েছি। মূল ছবিটি ছাড়াও এই ডিভিডিতে রয়েছে ক্যামেরার পেছনের গল্প। তারেক ‘একুশ’ নামে দুই মিনিটের একটি ভিডিও সং তৈরি করেছিলেন। সেটিও থাকছে এই ডিভিডিতে। তারেক মাসুদকে নিয়ে সামনে আর কী পরিকল্পনা করছেন?তারেকের একটি বাদে সব কটি ছবিই ডিভিডিতে বের হয়েছে। এবার আমরা তাঁর প্রথম ছবি আদম সুরত নিয়ে কাজ করছি। এই ছবির সঙ্গে জড়িত আছেন এস এম সুলতান, তারেক মাসুদ ও মিশুক মুনীর। আগামী ফেব্রুয়ারি মাসে এই ডিভিডিটি বের হবে। ‘চলচ্চিত্র যাত্রা’র পর আর কোনো বই বের করার পরিকল্পনা আছে?হ্যাঁ, তারেকের চিত্রনাট্য আর গানের কথা নিয়ে একটি বই তৈরি করছি। এবার অমর একুশের বইমেলায় বইটি বের করার পরিকল্পনা আছে। এরপর বের হবে পত্রিকা ও টিভিতে তারেক মাসুদের বিভিন্ন সাক্ষাৎকার নিয়ে আরেকটি বই।