গান শুনতে 'গান'

মুঠোফোনে গান শুনতে চালু হলো ‘গান’ নামের একটি অ্যাপ বা অ্যাপ্লিকেশন। গান অন ডিমান্ড লিমিটেডের উদ্যোগে চালু হলো এই অ্যাপ। এতে পছন্দের যেকোনো গান যেকোনো সময় শুনতে পারবেন শ্রোতারা। সম্প্রতি ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই ‘গান’ অ্যাপটি চালু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএএমবিএর প্রেসিডেন্ট হামিম আহমেদ, জাতীয় সংসদ সদস্য ও ‘ইয়ং বাংলা’র কনভেনর নাঈম রাজ্জাক, সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু ও এলিটা করিম।
অনুষ্ঠানে জানানো হয়েছে, গান অন ডিমান্ড লিমিটেডের ‘গান’ একটি স্বাধীন গান শোনার মাধ্যম। এতে শ্রোতারা তাঁদের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে বাংলা গান, পছন্দের শিল্পী ও অ্যালবামের গান শুনতে পারবেন।
এ ছাড়া ‘অন ডিমান্ড রেডিওস’-এর সম্পাদকীয় পাতায় পছন্দের গান ও শিল্পীদের খোঁজ করে শ্রোতারা জেনরেভিত্তিক ‘রেডিও’ ব্রাউজ করে একটি প্লে লিস্ট তৈরি করেও ‘ওয়ান্ট টু হেয়ার’-এর ‘ফ্রিডম’ মেনু থেকে পছন্দের গান শুনতে পারবেন।
অনুষ্ঠানে হামিম আহমেদ বলেন, গান শোনার জন্য ‘গান’ অ্যাপ হতে পারে অন্যতম মাধ্যম। প্রথাগত গানের ধারণা বদলে দিতে পারে এই অ্যাপ।