গান শেখাতেই আনন্দ
গল্পটা গত বছরের। ভারতের পশ্চিমবঙ্গের তারা টিভির ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানে গান করবেন একজন শিল্পী। উপস্থাপক বললেন, ‘আমাদের আজকের শিল্পী নন্দিতা ইয়াসমীন। এসেছেন বাংলাদেশ থেকে। আসুন, আজকের অনুষ্ঠানজুড়ে তাঁর গান শুনি। শিল্পীর সঙ্গে কথা বলতে চাইলে...।’ এই একটি মাত্র অনুষ্ঠানই সেদিন বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে পরিচয় করিয়ে দেয় একজন নতুন শিল্পীকে। এরপর এই অনুষ্ঠানে আরও কয়েকবার গান করেছেন তিনি। নন্দিতা বললেন, ‘সুযোগটা হঠাৎ করেই পেয়েছিলাম। কলকাতায় গিয়েছিলাম বেড়াতে। সাদি মহম্মদের পরামর্শে বেড়ানোর ফাঁকে ওখানে তারা টিভির একজন কর্মকর্তার সঙ্গে কথা বলি। পরিচয় হতেই তিনি আমাকে ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানে গান করতে আমন্ত্রণ জানান।’ কিছুদিন আগে তারা টিভির ‘চিরন্তনী’ অনুষ্ঠানে ছিল তাঁর একক পরিবেশনা। অনুষ্ঠানটি প্রায় প্রতি সপ্তাহেই পুনঃপ্রচার করা হচ্ছে। তাঁর গাওয়া রবীন্দ্রসংগীত নিয়ে তৈরি হয়েছে মিউজিক ভিডিও। সেগুলো দেখানো হচ্ছে বিভিন্ন সময়। এখন প্রায়ই তারা টিভি থেকে গান করার আমন্ত্রণ পাচ্ছেন। ওখানে গিয়ে গান করছেন। ঢাকার টিভি চ্যানেলগুলোতেও ইদানীং গান করছেন রবীন্দ্রসংগীতের শিল্পী নন্দিতা। তবে বাংলাদেশের শ্রোতাদের কাছে নন্দিতা খুব বেশি পরিচিত হয়েছেন তাঁর অডিও অ্যালবামের গান দিয়ে। ২০০৮ সালে সুরের মেলা থেকে বেরিয়েছিল বাজাবো স্বর্ণবীণা আর গত বছর বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করে আবার যদি ভাসাই ভেলা। দুটিই রবীন্দ্রসংগীতের।নন্দিতার গান শেখার শুরু পাঁচ বছর বয়সে। মা লুৎফা সুলতানাকে গান শেখাতে আসতেন মোশাদ আলী। তাঁর কাছেই গান শেখার হাতেখড়ি নন্দিতার। মায়ের কাছেও শিখেছেন। গানের প্রতি মেয়ের আগ্রহ মুগ্ধ করেছিল বাবা অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামকে। নন্দিতার বয়স তখন ১১। সংগীত ভবন নামে নতুন একটি সংগীতশিক্ষার প্রতিষ্ঠান শুরু করেছেন কলিম শরাফী। খবর পেয়ে বাবা তাঁকে নিয়ে যান ওই স্কুলে। নন্দিতার ভাষায়, ‘আমি ছিলাম ওই স্কুলের প্রথম ছাত্রী।’এরপর এখানে নয় বছর গান শিখেছেন। তখন এখানে শিক্ষক ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, আমিনুর রহমান নিঝুসহ আরও অনেকে। আর সঙ্গে কলিম শরাফী তো ছিলেনই।এর পর থেকে এখন পর্যন্ত গান শিখছেন সাদি মহম্মদের কাছে। মাঝেমধ্যে যান মিতা হকের কাছেও। যুক্ত হয়েছেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ও রবিরাগের সঙ্গে। বিয়ের পর মাঝে আট বছর ছিলেন যুক্তরাষ্ট্রে। নন্দিতা বললেন, ‘আমরা দুই ভাই, দুই বোন। সবাই দেশের বাইরে। ওদিকে বাবা-মাকে দেখার কেউ নেই। আর গানটাকে খুব মিস করছিলাম।’বাবা-মায়ের দেখাশোনা আর গানের টানে নন্দিতা ফিরে আসেন বাংলাদেশে। তিনি পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, নৃবিজ্ঞান বিভাগে। যুক্তরাষ্ট্রে থাকার সময় ভার্জিনিয়াতে জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন সমাজবিজ্ঞানের ওপর। দেশে ফিরে সংসার, বাবা-মাকে দেখাশোনা আর গানের জন্যই খরচ করছেন পুরোটা সময়।নন্দিতা বললেন, ‘নতুন শিল্পী হলেও আমাকে প্রথম সবার সামনে আসার সুযোগ করে দিয়েছিল কলকাতায় তারা টিভি আর ঢাকায় বেঙ্গল ফাউন্ডেশন। ওই সমর্থনটুকু আমার শিল্পীজীবনে রেখেছে ইতিবাচক ভূমিকা।’নন্দিতা এখনো গান শেখার দিকটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। বললেন, ‘যত দিন গান করব, শিখেই যাব। তার মাঝেই এক অন্য রকম আনন্দ লুকিয়ে আছে।’