গান-সরস্বতীর প্রস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরী আমনকার (জন্ম ১০ এপ্রিল ১৯৩২-৩ এপ্রিল ২০১৭) ছবি: জাহিদুল করিম
কিশোরী আমনকার (জন্ম ১০ এপ্রিল ১৯৩২-৩ এপ্রিল ২০১৭) ছবি: জাহিদুল করিম

‘আপনারা আলোগুলো নিভিয়ে দিন’-বললেন কিশোরী আমনকার।
২০১৪ সালের ১ ডিসেম্বর। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের তৃতীয় আসরের শেষ দিন। মঞ্চে উঠেই কিশোরী আমনকার আলো নেভালেন। হতচকিত দর্শকও।
কিশোরী আমনকার এমনটাই করতেন প্রতিটি কনসার্টে। করতেন সংগীতে নিজের ধ্যান কেন্দ্রীভূত করতে। বেশি আলোতে সেটা হয় না। একই সঙ্গে তাঁর উদ্দেশ্য, সংগীতটাই যেন আলাদা কায়া পায়। সেদিন কিশোরীর গাওয়া রাগ সুহায় ঢাকার দর্শকও যেমন দেখেছিল। আমরা বুঝেছিলাম, যাকে আমরা ‘দেখা’ বলি, সেটা আসলে ‘তাকানো’।
এই ধ্যান কিশোরী পেয়েছিলেন মা মোগুবাই কুর্দিকারের কাছে। কিশোরীই একবার বলেছিলেন, ‘আই (মা) কখনোই সুর নিয়ে বলতেন না। তাঁর নিয়ম ছিল-তিনি গাইতেন, আমি নকল করতাম। তাঁকে কিছু জিজ্ঞেস করতে পারতাম না। এত কড়া ছিলেন যে, গানের স্থায়ী ও অন্তরা মাত্র দুবার গাইতেন তিনি। এর মধ্যেই গানের পুরো অবয়ব তুলে নিতে হবে। এগুলোই আমাকে শিখিয়েছিল কীভাবে ধ্যানকে কেন্দ্রীভূত করতে হয়।’
এ কারণেই পরিবেশনার আগে কারও সঙ্গে দেখা করতেন না কিশোরী। কিন্তু মোগুবাইয়ের মতো অমন গুরুর কথাও কিশোরী অমান্য করেছিলেন। ১৯৬৪ সালে গীত গায়া পাত্থরো নে ছবিতে যখন গাইবার সিদ্ধান্ত নিয়েছিলেন কিশোরী। প্রচণ্ড রেগে গিয়ে মা মোগুবাই বলেছিলেন, ছবির জন্য গাইলে কখনো তাঁর তানপুরা ছুঁতে পারবেন না। তবু গেয়েছিলেন, সে গান জনপ্রিয়ও হয়েছিল। এরপর ছবির গান ছেড়ে দেন কিশোরী।
গুঞ্জন আছে, শীর্ষে থাকা লতা মঙ্গেশকার সেদিনের নতুন মেয়েটিকে ভয় পেয়েছিলেন। সব সংগীত পরিচালকদের ডেকে বলেছিলেন, কিশোরীকে নিলে তিনি গাইবেন না। কিশোরী আমনকারকে বলিউড ছাড়তে হলো। তিনি বা লতা মঙ্গেশকার কখনোই প্রকাশ্যে এ গুঞ্জন সরাসরি স্বীকার করেননি। তবে দুজনের সম্পর্কে সদ্ভাব ছিল না, নানা ঘটনায় এটা পরিষ্কার। কিশোরী আমনকারের মৃত্যুর পর সেই লতা দুঃখ করে টুইট করেছেন, ‘তিনি (কিশোরী) ছিলেন এক অসাধারণ শিল্পী। তাঁর প্রস্থানের পর শাস্ত্রীয় সংগীতের অনেক বড় ক্ষতি হয়ে গেল।’
লতার সঙ্গে সেই ‘বিবাদ’-এর পর কিশোরী আরও একবার বলিউডে ফিরেছিলেন। ২৬ বছর পর ১৯৯০ সালে দৃষ্টি ছবির জন্য। কিন্তু সে ছবিতেও তাঁর অভিজ্ঞতা সুখকর ছিল না। আর বলিউডমুখো হননি। পরে বলেছিলেন, ‘ছবির গান এখন সুরেলা হইচইয়ে পরিণত হয়েছে।’
খেয়াল, মীরা ও কবীরের ভজন, ঠুমরি, শুদ্ধ রাগ-সবগুলোতেই নিজের পারদর্শিতা প্রমাণ করেছেন কিশোরী। রাগ ভূপালির ওপর তাঁর নিজের রচিত বন্দিশ ‘সাহেলা রে’ পেয়েছে জনপ্রিয়তাও। তিনি শুধু গাইতেন না, সংগীতের অন্তর্নিহিত রূপটিও বারবার আবিষ্কার করতে চাইতেন। তাই তো প্রতিবার যখন মঞ্চে উঠতেন, নার্ভাস থাকতেন। প্রতিটি কনসার্টে কিশোরী যখন গান শুরু করতেন, হোঁচট খেতেন। ঢাকায়ও তা-ই হয়েছিল। নানা দিকে ছড়ানো সেই সুরগুলোর মাঝে তিনি যখন আসল সুরটি বেছে নিতে সক্ষম হন, তখনই পৌঁছে যান সর্বোচ্চ মাত্রায়। তাঁর ভাষায় ‘নির্বাণপ্রাপ্তি’। সমকালের সংগীতকাররা তাঁকে যথার্থ খেতাব দিয়েছেন-‘গান-সরস্বতী’।
কিশোরী আমনকার কেমন শিল্পী ছিলেন, তা অনুধাবন করতে হলে শুনতে হবে আরেক জীবন্ত কিংবদন্তি ওস্তাদ জাকির হোসেনের কথা। কিশোরীকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ভিন্ন শাদজায় তিনি বলেছিলেন, ‘ওস্তাদ আমির খাঁর রাগ মারওয়া নিয়ে যখন কথা হবে, একই নিশ্বাসে বলতে হবে কিশোরীতাইয়ের রাগ ভূপের কথা। কয়েকশ বছর পরপর এমন একেকটি পরিবেশনা হয়। এটা নিয়েই জীবনের বাকিটা সময়, এমনকি ভবিষ্যতের আরও কয়েক শতাব্দী কথা বলে যেতে হবে। তাঁর (কিশোরী) সংগীত হলো চিত্রকর্মের মতো, যেখানে কারও জীবনের খুঁটিনাটি মূর্ত হয়ে আছে। সেখানে আনন্দ, দুঃখ, ক্ষোভ, হতাশা, বেপরোয়া ভাব-সবই একসঙ্গে জমাট বেঁধে আছে।’