গানও শোনালেন শাহীন সামাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলসংগীতের শিল্পী হিসেবে পরিচিতি থাকলেও শাহীন সামাদ সব ধরনের গানই করেন। নিজের শিক্ষার্থীদেরও উচ্চাঙ্গসংগীতে মন দিতে বলেন। গতকাল সন্ধ্যায় ছায়ানটে তিনি গেয়ে শোনালেন নজরুলের বেশ কয়েকটি গান। মীরার ভজন, ঠুমরি, শ্যামাও বাদ যায়নি সেই আসরে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবনের মূল মিলনায়তনে ছিল এই শিল্পীর চারটি গানের অ্যালবামের মোড়ক উন্মোচন। আনুষ্ঠানিকতা শেষে কয়েকটি গান করেন তিনি।
সিডিগুলোর মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান, সংগীতজ্ঞ আজাদ রহমান ও শিল্পী খালিদ হোসেন। উপস্থিত ছিলেন সিডির প্রকাশক প্রতিষ্ঠান লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।
আনিসুজ্জামান বলেন, ‘মুক্তিযোদ্ধা শিল্পী হিসেবে শাহীনকে আমি প্রথম চিনি। শরণার্থী শিবিরের মানুষকে বর্তমান ভুলিয়ে রাখতে গান গেয়ে শুনিয়েছেন তিনি। আমাদের গানগুলোকেও পরিচিত করিয়েছেন ওপার বাংলায়। শিল্পের প্রতি চিত্ত উৎসর্গ করেছিলেন বলেই তিনি এত দূরে পৌঁছাতে পেরেছেন।’
আজাদ রহমান বলেন, ‘নজরুলের গান গাইতে যা যা আয়ত্ত করা দরকার, সেগুলোর সবই শাহীন আয়ত্ত করেছে। এখন সে জাতীয় সম্পদ।’