গানকে বিদায় জানালেন শাহনাজ রহমতউল্লাহ!
তাঁর ভক্তরা নিশ্চয়ই বড় ধরনের আঘাত পাবেন এ খবরে, কিন্তু নিষ্ঠুর সত্যটি হচ্ছে—পুরোপুরিভাবে গানকে বিদায় জানালেন কিন্নরকণ্ঠী গায়িকা শাহনাজ রহমতউল্লাহ। ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘আমার দেশের মাটির গন্ধে’, ‘একতারা তুই দেশের কথা বল রে আমায় বল’, ‘সাগরের তীর থেকে’, ‘খোলা জানালা’, ‘পারি না ভুলে যেতে’, ‘ফুলের কানে ভ্রমর এসে’, ‘আমি তো আমার গল্প বলেছি’—এ রকম অসংখ্য গান দিয়ে তিনি বাংলাদেশের অগণিত শ্রোতার মন জয় করেছেন।এ দেশের সংগীতজগতের অন্যতম জনপ্রিয় এই গুণী শিল্পী গান ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি আর কখনোই গান করবেন না। শাহনাজ রহমতউল্লাহ বলেন, ‘আমি দীর্ঘ ৫০ বছর গান করেছি। সংগীত আমাকে অনেক কিছু দিয়েছে। আজ আমি যে অবস্থানে আছি, তা সংগীতের জন্যই। শ্রোতাদের ভালোবাসায় আমি ধন্য। কোনো ধরনের অভিমান কিংবা অভিযোগের কারণে গানের জগত্ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি না। এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেক তো হলো, এবার না-হয় নিজের মতো করে জীবনের বাকিটা সময় কাটাই।’খুব শিগগির প্রকাশিত হবে বাংলাদেশি সংগীতের চিরসবুজ এই শিল্পীর মিশ্র গানের অ্যালবাম ‘বাদলদিনের পাখি’। এটিই হবে শাহনাজ রহমতউল্লাহর শেষ গানের অ্যালবাম। এরপর আর কোনো নতুন অডিও কিংবা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেবেন না তিনি। প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে শাহনাজ রহমতউল্লাহ তাঁর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। পরবর্তী সময়ে গানের জগতে আর ফেরার কোনো সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে শাহনাজ রহমতউল্লাহ বলেন, ‘সে ধরনের কোনো সম্ভাবনাই নেই। আমি সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি।’ডা. ইকবালের পরিকল্পনায় তৈরি ‘বাদলদিনের পাখি’ অ্যালবামে গান রয়েছে ১৪টি। এর মধ্যে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। বাকি গানগুলো গেয়েছেন শাকিলা জাফর, ফাহমিদা নবী, আলম আরা মিনু, রূপম, যুবীন, তানজিনা, পঙ্কজ, নাজমুল, জাকিয়া সুলতানা ও ডা. ইকবাল। অ্যালবামটি প্রসঙ্গে শাহনাজ রহমতউল্লাহ বলেন, ‘খুবই ভালো কথার গান করেছি; সুরও চমত্কার। বেশ যত্ন নিয়ে গানগুলো করা হয়েছে।’ ১৯৬৩ সালে ‘নতুন সুর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেছিলেন শাহনাজ রহমতউল্লাহ। গানের জগতে তাঁর ৫০ বছরে শাহনাজ রহমতউল্লাহর চারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রথমটি ছিল প্রণব ঘোষের সুরে ‘বারটি বছর পরে’, তারপর প্রকাশিত হয় আলাউদ্দীন আলীর সুরে ‘শুধু কি আমার ভুল’।