গানগুলো এবার ছড়িয়ে দেওয়ার পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটে গতকাল আয়োজিত পণ্ডিত রামকানাই দাশের ৮২তম জয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের শুরুতে ছিল দলীয় পরিবেশনা l ছবি: প্রথম আলো
ছায়ানটে গতকাল আয়োজিত পণ্ডিত রামকানাই দাশের ৮২তম জয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের শুরুতে ছিল দলীয় পরিবেশনা l ছবি: প্রথম আলো

মৃত্যুর কিছুদিন আগে নতুন গানগুলোর স্বরলিপি লিখেছিলেন পণ্ডিত রামকানাই দাশ। সেগুলো নিজে গেয়ে যেতে পারেননি। চলে যেতে হয়েছিল জীবনের ওপারে। অপ্রকাশিত সেই গানগুলো এবার ছড়িয়ে দেওয়ার পালা। সেই প্রচেষ্টা শুরু করেছেন তাঁর স্বজন ও ভক্তরা। স্বরলিপিসহ রামকানাইয়ের গানগুলোর একটি বই প্রকাশের চেষ্টাও করছেন তাঁরা।
গতকাল শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে ছিল রামকানাই দাশের গান নিয়ে আয়োজন। গানগুলো গেয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিল্পীরা। দিনব্যাপী ওই ভবনে রামকানাইয়ের অপ্রকাশিত গানের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছের শ খানেক তরুণ শিল্পী। সন্ধ্যায় ছিল সনদ প্রদান ও গান। নির্বাচিতরা গাইলেন একক কণ্ঠে আর সম্মিলিত কণ্ঠে সবাই গেয়েছেন পণ্ডিতের ‘আর যাব না জলে’ গানটি। তবলায় ত্রিতালের চমৎকার লহড়া বাজিয়ে শোনায় রামকানাইয়ের নাতনি শ্রেষ্ঠা প্রিয়দর্শিনী।
পণ্ডিত রামকানাই দাশ স্মৃতি পরিষদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন পিনু সেন দাশ, নিমাই মণ্ডল, তপন বাগচী, অনিন্দিতা চৌধুরী প্রমুখ। সঞ্চালনা করেন রবীন্দ্রসংগীতশিল্পী মীরা মণ্ডল। উদ্বিগ্ন কণ্ঠে কামাল লোহানী বলেন, ‘পাকিস্তান আমলের সামরিক শাসকেরাও আমাদের ভেতরে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে পারেনি। এখনকার একটি সাম্প্রদায়িক গোষ্ঠী সেটি করছে, এমনকি রাষ্ট্রকেও নির্দেশ দিতে শুরু করেছে। রামকানাই দাশের মতো মানুষেরা আমাদের মস্তিষ্ক তৈরি করে দিয়েছেন। আমরা বাঙালিরা কখনো মাথা নোয়াইনি, কখনো নোয়াব না।’
সকালে কর্মশালার উদ্বোধন করেন সংগীতজ্ঞ করুণাময় গোস্বামী। রামকানাই দাশের ৮২তম জন্মজয়ন্তীতে এ আয়োজন করেছিল পণ্ডিত রামকানাই দাশ স্মৃতি পরিষদ। গত ১৫ এপ্রিল ছিল তাঁর জন্মদিন।

শিল্পকলা একাডেমিতে এশিয়ান থিয়েটার সামিটের একটি পরিবেশনা l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমিতে এশিয়ান থিয়েটার সামিটের একটি পরিবেশনা l ছবি: প্রথম আলো

এশিয়ান থিয়েটার সামিট শেষ হলো
দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনের এশিয়ার থিয়েটার সামিট। গতকাল শনিবার ছিল এর সমাপনী দিন।
এশীয় অঞ্চলের মঞ্চ দল, শিল্পী ও গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ইন্টারন্যাশনাল অ্যামেচার থিয়েটার অ্যাসোসিয়েশনের (আইএটিএ) এশিয়ান রিজিওনাল সেন্টারের উদ্যোগে যৌথভাবে আন্তর্জাতিক এ সম্মেলন আয়োজন করেছিল শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন। যার পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
গতকাল সমাপনী দিনে ‘কান্ট্রি প্রেজেন্টেশন’-এ অংশ নিয়ে বাংলাদেশসহ ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, লাওস, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়ার প্রতিনিধিরা নিজ নিজ দেশের মঞ্চনাটক ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করেন। এ পর্বে সভাপতিত্ব করেন আইএটিএর এশিয়ান রিজিওনাল সেন্টারের সভাপতি ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। দ্বিতীয় সেশনে ছিল ‘ইন্ডিজেনাস থিয়েটার অব দ্য সার্ক রিজিওন: নিউ ডিরেকশনস’ শিরোনামে আলোচনা।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ছিল যাত্রাপালা গঙ্গা থেকে বুড়িগঙ্গা, বরিশালের রামযাত্রা, দিলু বয়াতির কিচ্ছাপালা ও কুষ্টিয়ার পদ্মার নাচন। স্টুডিও থিয়েটার মিলনায়তনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, পিপলস থিয়েটারের পরিবেশনায় শিশুনাট্য ডাকঘর ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় মার্চেন্ট অব ভেনিস। বিভিন্ন সময়ে আরও ছিল নানান ধারার নৃত্য পরিবেশনা।