গানগুলোর কথা সবাইকে জানাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের কথা বলি। ২৩ মার্চ। ‘বাংলাদেশ থেকে আপনার অ্যালবাম বেরিয়েছে।’‘তাই নাকি! এ তো বড় আনন্দের খবর! ভালোই হলো, বাংলাদেশে তো আমার অসংখ্য অনুরাগী আছেন। তাঁরা আবার আমার গান শুনতে পাবেন। আমার খুব আনন্দ হচ্ছে। গানগুলো আপনি শুনেছেন?’‘না, এখনো শুনতে পারিনি। তবে শিগগিরই শুনব।’ ‘আমি সেই পর্যন্ত অপেক্ষা করছি। কেমন লেগেছে, তা আমাকে জানাবেন কিন্তু। আমি তো গত বছর মার্চ মাসে বাংলাদেশে গিয়েছিলাম। তখন যাওয়ার আগে একটা গান তৈরি করেছিলাম। সেটা কিন্তু একেবারে গোড়াতেই আছে, “দুইজনাই বাঙালি ছিলাম”। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। একটি (আমি বাংলায় গান গাই) বাদে বাকি সব কটি গানই একেবারে নতুন। মঞ্চে গাওয়া হয়েছে, কখনো কোনো অ্যালবামে করিনি। আর আমার অন্য সব অ্যালবাম থেকে এটি একেবারেই আলাদা হয়েছে। গানগুলোর কাজ শেষ হওয়ার পর কল্যাণ (কল্যাণ সেন বরাট, অ্যালবামটির যন্ত্রানুষঙ্গ পরিচালক) খুব প্রশংসা করেছিল।’ কথা হচ্ছিল প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে। ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত গণসংগীতশিল্পী তিনি। প্রতুল মুখোপাধ্যায় তখন ভারতের কলকাতায়। বাংলাদেশ থেকে তাঁর আমি বাংলায় গান গাই অ্যালবাম প্রকাশের খবরটি মুঠোফোনে জানানোর পর এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। নিজের আগ্রহ আর প্রতুল মুখোপাধ্যায়ের অনুরোধ রাখতেই গানগুলো দ্রুত শোনা হলো। শোনার পর মনে হলো, তিনি ঠিকই বলেছেন, অ্যালবামটি একেবারেই আলাদা হয়েছে। প্রতুলের গান বলতে সবার যেমনটা মনে হবে, এটি তেমন নয়, অন্য রকম। প্রতুলের গানের সঙ্গে যন্ত্রানুষঙ্গ! ভাবাই যায় না। কিন্তু এখানে সব কটি গানের সঙ্গেই রয়েছে বাদ্যযন্ত্রের ব্যবহার। অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের সঙ্গে কি-বোর্ডের ব্যবহারও রয়েছে। ২৩ মার্চ কথা প্রসঙ্গে প্রতুল মুখোপাধ্যায় বলেছিলেন, ‘অ্যালবামের ১০টি গান এক দিনেই রেকর্ড করেছি। বিকেল পাঁচটায় শুরু করেছি, শেষ করেছি রাত ১১টায়।’ গানগুলো শুনতে গিয়ে বারবার মনে হচ্ছিল, এও কি সম্ভব! হয়তো প্রতুল মুখোপাধ্যায় বলেই সম্ভব হয়েছে। নিজে কতটা তৈরি থাকলে আর নিজের কাজের ওপর কতটা দখল থাকলে এত কম সময়ে এতটা নির্ভুলভাবে কাজ করা সম্ভব। প্রতুলের গান তো অনেক শুনেছি। গত বছর ঢাকায় কয়েকটি অনুষ্ঠানে তিনি গান করেছিলেন। তখন কাছ থেকে শুনেছিলাম। আর মনে হচ্ছিল, তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন, কিন্তু এখনো ঘণ্টার পর ঘণ্টা গান শোনাচ্ছেন। বয়স তাঁর কাছে যেন হার মেনেছে। আর তিনি এ দেশের মানুষের কত আপনজন! বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করেছে গণসংগীতের অ্যালবাম আমি বাংলায় গান গাই। এখানে তিনি গেয়েছেন শক্তি চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, অলোকরঞ্জন দাশগুপ্ত, অন্নদাশঙ্কর রায়, আল মাহমুদের লেখা কবিতার সুরারোপ। নিজের লেখা গানও রয়েছে। আর সব কটি গানের সুর করেছেন প্রতুল নিজেই।তাঁর আমি বাংলায় গান গাই অ্যালবামটি শুনে আবারও সেই দিনগুলোর কথা মনে হলো। সব কটি গানই অসাধারণ হয়েছে। প্রতিটি গানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ ফুটে উঠেছে। একটি গানের কথা আলাদা করে বলতেই হয়, আল মাহমুদের ‘ফেব্রুয়ারির একুশ তারিখ’। খুব পরিচিত কবিতা। সুর দেওয়ার পর প্রতুলের কণ্ঠে তা যেন নতুন মাত্রা পেয়েছে। প্রতুল মুখোপাধ্যায় অনুরোধ করেছিলেন গানগুলো শোনার জন্য। শুনে তাঁকে আবার জানাতে হবে। কিন্তু শোনার পর মনে হলো, শুধু তাঁকে নয়, গানগুলোর কথা সবাইকে জানানো দরকার। গানগুলো সবাই শুনুন। ভালো লাগবে, অন্য রকম স্বাদ লুকিয়ে আছে এর মধ্যে।