এ বছরের মহান বিজয় দিবসের কুচকাওয়াজের ভাবনা ‘বিজয় থেকে বিজয়ে’। এই লোগোর নকশা করেছেন আফজাল হোসেন। পাশাপাশি তিনি একটি গান লিখেছেন: ‘পুবের আকাশে সূর্যের হাসি, উড়ছে সবুজ লাল’। গানটি নিয়ে তৈরি মিউজিক ভিডিওটি এখন প্রচারিত হচ্ছে প্রায় সব কটি টিভি চ্যানেলে। কথা হলো আফজাল হোসেনের সঙ্গে। ‘বিজয় থেকে বিজয়ে’ লোগোটির নকশা করার ক্ষেত্রে কোন দিকটিকে গুরুত্ব দিয়েছেন?বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ তো অনেক বছর ধরেই হচ্ছে। এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। এবার এই আয়োজনে নতুন মাত্রা কীভাবে দেওয়া যায়, তা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। এটা যে সবার অনুষ্ঠান, তাই জনগণের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে। বিজয়টা যে সবার, সেই বার্তাটাও ছিল আমাদের ভাবনায়। এসব দিক বিবেচনায় রেখে নবম পদাতিক ডিভিশন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আমরা এই লোগো তৈরি করেছি। আপনি তো একটি গানও লিখেছেন। এবারই প্রথম গান লিখলেন?না না, নাটকের জন্য তো লিখেছি। তবে এ ধরনের আয়োজনের জন্য এবারই প্রথম। ওই যে বললাম, সবার সম্পৃক্ততা কীভাবে আরও বাড়ানো যায়, সেই ভাবনা থেকেই গানটি তৈরি করা হয়েছে। সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব। কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, কনা, সজীব আর তাঁর দল। গানটি লেখা ও সুর দেওয়ার সময় কোন ভাবনাটি কাজ করেছে?আমরা চেয়েছি, গানটি যেন প্রতিদিনের হয়। গানটি যেন প্রতিদিন সবাইকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে, ইতিবাচক কাজ করার ব্যাপারে প্রেরণা দেয়, দেশকে ভালোবাসতে শেখায়, মুক্তিযুদ্ধকে মনে করিয়ে দেয়, অর্জনগুলোকে সামনে নিয়ে আসে।এখন বিভিন্ন টিভি চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রচারিত হচ্ছে।হ্যাঁ, শুরুতে আমরা দেশ, অর্জন, প্রকৃতি—এমন কিছু দৃশ্য দিয়ে মিউজিক ভিডিওটি তৈরি করেছিলাম। পরে আরও আকর্ষণীয় করতে নোবেল ও মৌকে যুক্ত করা হয়েছে। এরপর আমরা শুটিং করেছি প্যারেডের মহড়ায় এবং জাতীয় স্মৃতিসৌধে।