গানটি শোনার আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। ১৮৯৯ সালে জন্মেছিলেন কবি। তাঁর লেখায়, তাঁর সুরে তিনি বাংলা সাংস্কৃতিক অঙ্গনে গড়ে তুলেছিলেন এক ভিন্ন জগৎ। প্রতিবারের মতো এবারও কবির জন্মদিবসকে কেন্দ্র করে সারা দেশেই রয়েছে নানা আয়োজন। এর একটি আয়োজন আমাদের মন কেড়েছে। একটি মিউজিক ভিডিও, যা শোনার জন্য, দেখার জন্য আমন্ত্রণ রইল সবার প্রতি।
হ্যাঁ, কেউ চাইলে আজ গানটি শুনতে ও দেখতে পারবেন ইউটিউবে। দেখতে পাবেন টেলিভিশন চ্যানেল আর শুনতে পাবেন এফএম রেডিওতেও। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকীতে শ্রোতাদের জন্য এ এক অনন্য উপহার। ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’ গানটি তো অনেকবার শুনেছেন অনেকে। কিন্তু একই সঙ্গে দেখা ও শোনার এই সুযোগটি পাওয়া যাচ্ছে এখন।
শুরুতে মনে হবে এ এক উচ্চাভিলাষী পরিকল্পনা। কিন্তু একে একে তো চারটি মিউজিক ভিডিও বের হলো। এর আগে গত বছর নজরুলের মৃত্যুবার্ষিকীতে ছিল প্রথম আয়োজন, ‘দাও শৌর্য দাও ধৈর্য’ গানটি। তারই পথ ধরে আরও দুটো গানের মিউজিক ভিডিও করা হয়। একটি ‘জয় হোক’, অন্যটি ‘শঙ্কাশূন্য’। এবার ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’।

মাটির কাছাকাছি গিয়ে শিল্পীরা গাইলেন ‘খাঁটি সোনার চেয়েও খাঁটি আমার দেশের মাটি’
মাটির কাছাকাছি গিয়ে শিল্পীরা গাইলেন ‘খাঁটি সোনার চেয়েও খাঁটি আমার দেশের মাটি’


আমাদের এই অস্থির সময়টিকে ধরলে এ গানটি খুবই প্রাসঙ্গিক। অনেকেরই জানা নেই এটি নজরুলের লেখা। ভিডিওটি দেখার ও শোনার সৌভাগ্য হয়েছে আমার। গানের সুর যেন দর্শক-শ্রোতাকে নিয়ে যায় জন্মভূমির মর্মমূলে। কর্মরত কৃষক, গ্রামের বৃদ্ধা, শিশুদের দাপাদাপি, খেলাধুলার সমান্তরালে প্রকৃতি—ভালো না লেগে উপায় নেই। একটু খেয়াল করলেই দেখা যাবে, একটি গানের মধ্য দিয়ে কীভাবে ফুটে উঠছে বাংলার মুখ।
গানটির সংগীতায়োজন করেছেন তানভীর আলম সজীব। খ্যাতনামা বাঁশিশিল্পী জালাল আহমেদের বাঁশির সুরে গানটির পথচলা শুরু হয়। প্রথিতযশা শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীরা একযোগে পরিবেশন করেছেন গান। সাদিয়া আফরীন মল্লিক, ফাতেমা-তুজ-জোহরা, শাহীন সামাদ, সুমন চৌধুরী, রেবেকা সুলতানা, ইয়াসমিন মুশতারীর সঙ্গে গলা মিলিয়েছেন এ যুগের শিল্পী সজীব, ওয়াকিল আহাদ, শহীদ কবির, পৃথ্বীরাজ, ইসমাত আরা।
সাদিয়া আফরীন মল্লিকই ভেবেছিলেন নজরুলকে এভাবে ছড়িয়ে দেওয়ার কথা। তিনি বললেন, গত বছর নজরুলের মৃত্যুবার্ষিকীতে প্রথম কাজটি করি। এরপর ১৬ ডিসেম্বর ও এ বছর ২৬ মার্চ পরবর্তী দুটো কাজ হয়। ৪র্থ কাজটি আজ থেকে দেখা ও শোনা যাবে। আমি যখন পরিকল্পনাটার কথা জানালাম, তখন নজরুল সংগীতশিল্পীরা সবাই সহযোগিতা করার জন্য এগিয়ে এলেন।
ঢাকা ব্যাংক এবারের আয়োজনে সহযোগী।