গানে, নৃত্যে আনন্দঘন আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, নৃত্য, পুরস্কার বিতরণ ও আলোচনার মধ্য দিয়ে আনন্দঘন আয়োজনে গতকাল বৃহস্পতিবার জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখার সম্মেলন হয়ে গেল। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যায় অনুষ্ঠানের প্রথমেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। প্রধান অতিথি ছিলেন সুলতানা কামাল। বিশেষ অতিথি বেগম আকতার কামাল। সভাপতিত্ব করেন পরিষদের মহানগর শাখার সভাপতি শাজাহান ফারুক, স্বাগত জানান সম্পাদক লোপা আহমেদ।আলোচনায় প্রাধান্য পেয়েছিল কবির মানবভাবনা। আলোচকেরা বলেন, রবীন্দ্রনাথের রচনা যেমন বিপুল, তেমনি বৈচিত্র্যময়। তবে তাঁর ভাবনার মূলে ছিল মানুষ। মানুষ হয়ে ওঠার সাধনাকেই তিনি প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন, প্রকৃত মানুষ হতে গেলে চিত্ত হতে হবে ভয়শূন্য, শির উচ্চ রাখতে হবে, পরিহার করতে হবে ক্ষুদ্রতাকে। আলোচনার পর ছিল পুরস্কার বিতরণ। মহানগর শাখা কিশোর ও সাধারণ—এই দুটি বিভাগে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার আয়োজন করেছিল। এতে উভয় বিভাগের ২৩ জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়।পুরস্কার প্রদানের পালা শেষে গান ও নৃত্যের আয়োজন। ‘সুখহীন নিশিদিন পরাধীন হয়ে’ গেয়ে গানের পালা শুরু করে কিশোর বিভাগে প্রথম মান পাওয়া অনিন্দিতা বৃষ্টি। এরপর সাধারণ বিভাগে প্রথম মান পাওয়া আশিকুর রহমান গেয়ে শোনান ‘মেঘের পরে মেঘ জমেছে’। প্রতিযোগিতায় কৃতীদের গানের পর পরিষদের শিল্পীদের সম্মেলক পরিবেশনা। তাঁরা শোনান ‘জাগ’ জাগ’ রে জাগ’ সঙ্গীত’। এরপর শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘আকাশভরা সূর্য-তারা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যনন্দনের শিল্পীরা।একক কণ্ঠের গানের পর্ব শুরু করেছিলেন আজিজুর রহমান তুহিন ‘আজ আকাশে মেঘের’ গানটি দিয়ে। লাইসা আহমেদ লিসা পরিবেশন করেন ‘আজি তোমায় আবার’, সুকান্ত চক্রবর্তী শোনান ‘দাঁড়িয়ে আছ তুমি আমার’, বুলবুল ইসলাম গেয়েছেন ‘বন্ধু, রহো রহো সাথে’। একক কণ্ঠের গানে অংশ নিয়েছেন আরও অনেকে। এ ছাড়া ‘সে যে বাহির হল’ গানের সঙ্গে ছিল নৃত্য। সম্মেলক কণ্ঠে ছিল ‘এত আলো জ্বালিয়েছ এই গগনে’ ও ‘উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে’।বর্ষার গানকবিগুরুর বর্ষার গান নিয়ে ‘রসের ধারা বরষে’ নামের সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিল সংগীত সংগঠন নন্দন। গতকাল ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সন্ধ্যায় ‘আবার এসেছে আষাঢ়’ গেয়ে অনুষ্ঠান শুরু করেন সুচিত্রা চক্রবর্তী। অনুষ্ঠানে গান করেছেন সুমাইয়া ফারাহ খান, আঁখি বৈদ্য, আইনুন নাহার, বাইতুন নাহার, আরিফুর রহমান, সাঈদা হোসেন, বিলু সিদ্দিকী, শাহনাজ বীথি এবং এ বি এম মহিউদ্দিন। আবৃত্তি করেন নিশাত জাহান। এটি ছিল নন্দনের ৪০তম ত্রৈমাসিক গানের আসর।বীরেন সোমের শিল্পকর্ম প্রদর্শনীশিল্পী বীরেন সোমের একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে আজ শুক্রবার ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে। সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পী রফিকুন নবী ও মনিরুল ইসলাম যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনী চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত।বৃষ্টিদিনে কাব্যগাথা দর্শনীর বিনিময়ে কবিতাসন্ধ্যার আয়োজন করেছে সাহিত্য পত্রিকা লোক। ‘বৃষ্টিদিনে কাব্যগাথা’ নামের এই অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ১৬ জন কবি কবিতা পড়বেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানটি শুরু হবে শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে।জিয়নকাঠির আবৃত্তি কর্মশালাসাংস্কৃতিক সংগঠন ‘জিয়নকাঠি’ শুদ্ধ উচ্চারণ ও প্রযোজনাভিত্তিক আবৃত্তি কর্মশালার আয়োজন করছে। ১২ জুলাই থেকে চার মাসব্যাপী এই কর্মশালার ক্লাস হবে প্রতি শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আগ্রহীদের আগামী ৪ জুলাইয়ের মধ্যে ০১৭১১১০০৩৮৩, ০১৭৭২০০৭৪৭০ নম্বরে যোগাযোগ করতে হবে। বিজ্ঞপ্তি।