গানে-আবৃত্তিতে মন্দ্রিত সন্ধ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর কবিতা আবৃত্তির মেলবন্ধনে এক চমৎকার অনুষ্ঠান আয়োজন ছিল গতকাল শুক্রবার সন্ধ্যায়। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘সীমানা ছাড়ায়ে’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করে ডেলভিস্তা ফাউন্ডেশন।
প্রথম পর্বে ছিল শিল্পী শ্রেয়া গুহঠাকুরতার রবীন্দ্রসংগীতের অ্যালবাম সীমানা ছাড়ায়ে-এর মোড়ক উন্মোচন। এটি প্রকাশ করেছে ডেলভিস্তা। মোড়ক উন্মোচন করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। পরে গানের পর্ব। শাজিয়া ইসলাম পরিবেশন করেন ‘বাজিল কাহার বীণা’ ও ‘রোদনভরা এ বসন্ত’। রেজাউর রহমান শোনান ‘আমি কেবলই স্বপন’, ‘শ্রাবণের ধারার মতো’। মুস্তাফা খালীদ পরিবেশন করেন ‘আমি চঞ্চল হে’ এবং ‘জীবনমরণের সীমানা ছাড়ায়ে’। গানের ফাঁকে ফাঁকে আবৃত্তি করেন শারমিন মুস্তাফা, তাহিসন রেজা ও শিমুল মুস্তাফা।
পরে অ্যালবামের গানসহ বেশ কিছু গান শুনিয়েছেন শ্রেয়া। অ্যালবামটিতে গান রয়েছে ১০টি।