গানে আলোচনায় মোমতাজ আলী খান স্মরণ
বিশিষ্ট লোকসংগীতজ্ঞ ওস্তাদ মোমতাজ আলী খানের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন ছিল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠন এই আয়োজন করে।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী এবং ওস্তাদ মোমতাজ আলী খানের মেয়ে শিল্পী রূপু খান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র শীল।আলোচনা পর্বে বক্তারা ওস্তাদ মোমতাজ আলী খানের গানগুলো সংরক্ষণ এবং তাঁর গান ও সুরের বিকৃতি বা ভুলভাবে উপস্থাপনের বিষয়ে সজাগ থাকার জন্য আহ্বান জানান। দ্বিতীয় পর্বে মোমতাজ আলী খানের লেখা ও সুর করা গানের অনুষ্ঠান। সমবেত কণ্ঠে ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া’ দিয়ে গানের পালা শুরু হয়। এরপর শিল্পীরা ‘ঘরের চাবি পরের হাতে’, ‘প্রাণের বন্ধুয়ারে’, ‘গুনগুনাগুন গান গাহিয়া’, ‘বন্ধু রে তুমি বৈদেশি নাগর’, ‘আমায় খুন কইরাছে’, ‘তুমি নিশিথে যাইও ফুল বনে’, ‘প্রেমের মরা জলে ডুবে না’, ‘তুমি নি আমার বন্ধু রে’সহ বিভিন্ন গান গেয়ে শোনান।শিল্পীদের মধ্যে ছিলেন মৌমিতা মুমু, শামীম হোসেন, মঞ্জু সাহা, নারায়ণ চন্দ্র শীল, লায়লা শরমিন, শ্যামল কুমার পাল প্রমুখ।