অনুষ্ঠানের মূল ভাবনা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের নোবেলপ্রাপ্তির শতবর্ষপূর্তি। তবে অনুষ্ঠানে উঠে এল কবির কৃষিভাবনা থেকে মানবিক বোধ, সৌন্দর্যচেতনা, দেশ ও জাতিভাবনা নিয়ে বহুমাত্রিক বিষয়। সঙ্গে নোবেল পুরস্কারের বিষয়টি তো ছিলই। গতকাল শনিবার বাংলা একাডেমীর নতুন ভবন মিলনায়তনে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ সাংস্কৃতিক সংগঠন অতন্দ্র একাত্তর ও ভারতের ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী ‘গীতাঞ্জলি ১০০’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনী আয়োজন। গত শুক্রবার এই অনুষ্ঠান শুরু হয়েছিল কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে।সমাপনী অনুষ্ঠানের প্রথমেই ছিল কবিগুরুর বিপুল বিচিত্র কাজ নিয়ে দীর্ঘ আলোচনা পর্ব। বিকেলে এই আলোচনায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। আলোচনা করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অধ্যাপক খন্দকার আশরাফ হোসেন, অধ্যাপক আখতার কামাল, ভারতের কবি বীথি চক্রবর্তী ও ভারতীয় হাইকমিশনের তথ্য ও সংস্কৃতিসচিব অভিজিৎ চট্টোপাধ্যায়। সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। বক্তারা বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয় বাঙালির প্রথম বিশ্বজয়। ভারতবর্ষের প্রান্তিক ভাষা ছিল বাংলা। এই বাংলা ভাষাও বিশ্ব অঙ্গনে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছিল। বাংলা সাহিত্যের জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজন ছিল। কবিগুরু নিজে আধুনিক ছিলেন, বাঙালিকে আধুনিকতার পথে এগিয়ে নিয়েছেন। তিনি তাঁর সৃজন ও মননে বিচিত্র রঙে বাঙালির হূদয় ও জীবনকে রাঙিয়ে তুলেছেন। পৃথিবীর অনেক কবি-সাহিত্যিকই নোবেল পুরস্কার পেয়েছেন। এখনো প্রতিবছর পেয়ে থাকেন। তবে একটি ভূখণ্ডের একটি জাতির জীবনকে রবীন্দ্রনাথ যেভাবে রাঙিয়ে তুলেছেন, তাদের মন ও মননকে যেভাবে প্রভাবিত করেছেন, অন্য কেউ তা পারেননি।’দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছিল ‘জগতে আনন্দ যজ্ঞে আমার আমন্ত্রণ’ গানের সঙ্গে সমবেত নৃত্য দিয়ে। পরে একক কণ্ঠের পরিবেশনায় লিলি ইসলাম গেয়ে শোনান ‘এই করেছ ভালো নিঠুর হে’। বাংলাদেশ ও ভারতের শিল্পীরা কবিগুরুর গান ও আবৃত্তি পরিবেশন করেন। শিল্পীদের মধ্যে ছিলেন: ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, মাহিউজ্জামান চৌধুরী, রোকাইয়া হাসিনা, লাইসা আহমেদ, শারমিন সাথী ইসলাম, অদিতি মহসিন, তানিয়া মান্নান, সুস্মিতা আহমেদ। আবৃত্তি করেন: ভাস্বর বন্দ্যোপাধ্যায়, লায়লা আফরোজ, শিমুল মুস্তাফা প্রমুখ। ভারতের শিল্পীদের মধ্যে ছিলেন: শান্তনু রায়, প্রমিতা মল্লিক, ইমন চক্রবর্তী প্রমুখ।ছোটদের বড় আয়োজনবিশাল এক আয়োজন। নেতৃত্বে শিশু-কিশোরেরা। উচ্ছ্বাস, উদ্দীপনায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের এদিক-ওদিক প্রাণবন্ত ছোটাছুটি তাদের। অনেকেই ব্যতিব্যস্ত অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে। অবশ্য এই মহাযজ্ঞে যে বড়রা ছিলেন না, তা নয়। তবে তাঁদের ভূমিকা খানিকটা গৌণ। শনিবার এমনই ছিল ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে ‘ষষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’-এর শুরুর পরিবেশ। শিশুদের জন্য তৈরি করা চলচ্চিত্র নিয়ে চিলড্রেনস ফিল্ম সোসাইটির উদ্যোগে শুরু হলো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে বসে উদ্বোধনের আয়োজন। শুরুতেই ছায়ানটের খুদে শিল্পীদের কোমল কণ্ঠে গীত হয় উদ্বোধনী সংগীত ‘আলো আমার আলো’। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও উৎসব পতাকা উত্তোলন করা হয়। তার পরই নীলাকাশে বর্ণিল বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন। উদ্বোধন করেন উৎসব উপদেষ্টা পরিষদের সভাপতি শিল্পী মুস্তাফা মনোয়ার। এ সময় ছিলেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি প্যাসকেল ভিলেনিউভ, কানাডার চলচ্চিত্রকার ন্যান্সি ট্রিটস বটকিন, চিলড্রেনস ফিল্ম সোসাইটির সভাপতি জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল, উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম প্রমুখ।এরপর ছিল শোভাযাত্রা। পরে সংক্ষিপ্ত আলোচনা পর্ব। সবশেষে ছিল চলচ্চিত্র প্রদর্শনী। প্রথম দিন প্রদর্শিত হয় চারটি চলচ্চিত্র। রোববার থেকে প্রতিদিন বেলা ১১টা, দুপুর দুইটা, বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টায় মোট চারটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উৎসবের সব প্রদর্শনী শিশুদের জন্য উন্মুক্ত। সব শিশুর সঙ্গে একজন করে অভিভাবক বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণ শেষ হলোথেমে থেমে চিৎকার, করতালির আওয়াজ। এমন উল্লাসে রমনার বটমূলে উৎসবমুখর পরিবেশ। সমবেত স্কুলশিক্ষার্থীদের হাতে রঙিন কার্ড। নিজের নাম ঘোষণা হতেই মঞ্চে গিয়ে তারা গুণীজনের হাত থেকে নিচ্ছিল পুরস্কার। বই পড়ে বই পুরস্কার পেয়ে আনন্দে মেতে ওঠে তারা। সন্ধ্যায় অজস্র আলোকরশ্মিতে ঝলমল করেছিল রমনা উদ্যান। বিশ্বসাহিত্য কেন্দ্রের বছরব্যাপী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণীর শনিবার ছিল দ্বিতীয় ও শেষ দিন। শুক্রবার রমনার বটমূলে দু্ই পর্বে পুরস্কার বিতরণ শেষে শনিবার বিকেলে একই স্থানে আয়োজন করা হয় তৃতীয় পর্বের কার্যক্রম। তৃতীয় পর্বে ঢাকা মহানগরের ২৮টি স্কুলের ২০১১ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। অতিথি ছিলেন শফিক আলম মেহেদী, সুলতানা কামাল, ইফতেখারুজ্জামান, সাজ্জাদ শরিফ, খায়রুল আনাম প্রমুখ।