
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধল গ্রামের কালনী নদীর তীরে প্রায় ১০০ বছর আগে আবদুল করিম নামের এক শিশুর জন্ম হয়েছিল। দারিদ্র্যের কারণে মাত্র আট দিন স্কুলে যাওয়ার পরই শিশুটি স্কুল ছাড়তে বাধ্য হয়েছিল। ভাটি এলাকার পানি, নৌকা, মানুষ, প্রকৃতি—এসব থেকে শিক্ষা নিয়ে সেই শিশু কালক্রমে পরিণত হয়েছেন কিংবদন্তিতুল্য সংগীতসাধক শাহ আবদুল করিম। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন বাউলগানের সোনালি সময়ের শেষ প্রতিনিধি শাহ আবদুল করিম। গতকাল বৃহস্পতিবার গানে গানে তাঁকে স্মরণ করেন নাট্য সংগঠন সুবচনের শিল্পীরা।
বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সামনে খোলা চত্বরে অনুষ্ঠানটির পরিসর ছোট হলেও নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ ছিল। নাটকের শিল্পীদের কণ্ঠে করিমের গান পেয়েছিল ভিন্ন দ্যোতনা।
‘ক্যানে পিরিতি বাড়াইলে রে বন্ধু ছাইড়া যাইবায় যদি’ নামের এই অনুষ্ঠানে শিল্পীরা আবদুল করিমের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন তুলে ধরেন গানের সুরে সুরে। ‘ক্যানে পিরিতি’ গানটির একক পরিবেশনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর শিল্পীরা পরিবেশন করেন ‘কোন মেস্তরি নাও বানাইয়াছে’, ‘বসন্ত বাতাসে সই গো’, ‘মায়া লাগাইছে’সহ বিভিন্ন গান। গানের ফাঁকে ফাঁকে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ ও নির্মাতা শাকুর মজিদ। স্বাগত বক্তব্য দেন সুবচনের আহমেদ গিয়াস।