গানে কথায় অজিত রায় স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে চর্যাগান পরিবেশন করছেন শিল্পীরা l প্রথম আলো
শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে চর্যাগান পরিবেশন করছেন শিল্পীরা l প্রথম আলো

মঙ্গলপ্রদীপ জ্বললে ভেসে এল সমবেত সংগীত: ‘অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো/ সেই তো তোমার আলো!’
এরপর ‘কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে—সে তো আজকে নয় সে আজকে নয়।’
সাধারণত কথা আর আলোচনা দিয়েই শুরু হয় এখনকার বেশির ভাগ সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু গতানুগতিকের বাইরে এসে গান দিয়ে শুরু হলো শিল্পী অজিত রায়ের স্মরণানুষ্ঠান। শব্দসৈনিক এই শিল্পীর তৃতীয় প্রয়াণ দিবস ছিল বৃহস্পতিবার। তাঁর স্মরণে গতকাল শুক্রবার তাঁরই হাতে গড়া সংগঠন ‘অভ্যুদয় বিশ্ব সাহিত্য কেন্দ্র’ আয়োজন করেছিল এ সংগীতসন্ধ্যার।
গানের ফাঁকে ছিল শিল্পীস্মরণও। শব্দসৈনিক কামাল লোহানী বলেন, মায়ের হাতে রবীন্দ্রসংগীতে হাতেখড়ি অজিত রায়ের। পরে তিনি দেশমাতার জন্য গেয়েছেন গণসংগীত। স্বাধীনতাসংগ্রামের বিভিন্ন পর্যায়ে গণসংগীত গেয়ে লড়াই করেছেন অপশক্তির বিরুদ্ধে। তিনি শুধু গাইতেন না, গাওয়াতেনও। অদম্য সাংগঠনিক শক্তি নিয়ে রাজপথে, খোলা ময়দানে গান গেয়ে মানুষকে উজ্জীবিত করতেন।
অজিত রায়ের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে ‘বিচারপতি, তোমার বিচার’, ‘স্বাধীনতা তুমি’, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’। অজিত রায়ের স্মরণে অনুষ্ঠানে গীত হয় ‘জীবনমরণের সীমানা ছাড়ায়ে’, ‘তবু মনে রেখ’, ‘দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে’ ইত্যাদি রবীন্দ্রসংগীত। পাশাপাশি ছিল অজিত রায়ের রচনা, সুর করা ও গাওয়া বিভিন্ন গান।
প্রথমবার মহানগর বই উৎসব: রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে শুরু হলো ‘মহানগর বই উৎসব ২০১৪’। প্রথমবারের মতো এ ধরনের উৎসব আয়োজন করা হয়েছে। গতকাল ১৫ দিনের এ উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার দুপুরে আয়োজিত উদ্বোধনী উৎসবে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের স্বত্বাধিকারী ইমেরিটাস প্রকাশক মহিউদ্দিন আহমেদ।
উৎসবে বাংলা একাডেমি, শিশু একাডেমীসহ মোট ৪৫টি স্টল উৎসবে স্থান পেয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। উৎসব শেষ হবে ১৯ সেপ্টেম্বর।
যন্ত্রযানের যাপিত জীবন: প্রতিদিন রাস্তায় গাড়ির সংখ্যা বৃদ্ধির সঙ্গে বাড়ছে দুর্ঘটনা, ট্রাফিক আইনের লঙ্ঘন, অপরাধ ও মামলার সংখ্যা। সেই সুবাদে প্রতিদিন শত শত গাড়ি, রিকশা আটক হচ্ছে পুলিশের হাতে। মামলার আলামত হিসেবে অথবা বৈধ মালিকানার অভাবে সেগুলো জড়ো করে রাখা হচ্ছে নগরের বিভিন্ন প্রান্তের ডাম্পইয়ার্ডে বা থানার কম্পাউন্ডে। এসব গাড়ির সর্বশেষ পরিণতি কী? ক্যামেরার আশ্রয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন আলোকচিত্রী শফিক রহমান। সেসব ছবি নিয়ে শুরু হলো তাঁর দ্বিতীয় একক আলোকচিত্র প্রদর্শনী। শিরোনাম ‘যন্ত্রযানের যাপিত জীবন’।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা আর্ট সেন্টারে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্মানিত অতিথি ছিলেন সাংসদ কবি কাজী রোজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস ও চিত্রশিল্পী সৈয়দ হাসান মাহমুদ।
১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
‘চর্যাগান’-এর ডিভিডি: অধ্যাপক আলীম মাহমুদ দীর্ঘদিন ‘চর্যাপদ’ এবং এর সংগীতরূপ নিয়ে গবেষণা করে আসছেন। তিনি চর্যাকারদের নির্ধারিত রাগকে অক্ষুণ্ন রেখে প্রাপ্ত সমগ্র চর্যাপদের (৪৭টি পদ) সুরারোপ ও কণ্ঠসহযোগ করেছেন। তাঁর এ অনন্যপ্রয়াসের ভিডিও ধারণের মাধ্যমেই নির্মিত হয়েছে চর্যাপদ শিরোনামের ডিভিডি অ্যালবাম। গতকাল শুক্রবার এ অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে নাট্যসংগঠন স্বপ্নদল-এর আয়োজনে প্রকাশনা অনুষ্ঠানে সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ। স্বাগত বক্তব্য দেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বপ্নদলের সহযোগী সংগঠন ‘সহজিয়া—চর্যাগানের গ্রন্থিক দল’ কর্তৃক চর্যাগান পরিবেশিত হয়।
সমরজিৎ রায়চৌধুরীর চিত্রকলা প্রদর্শনী: বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ থেকে শিল্পী সমরজিৎ রায়চৌধুরীর ‘দৃশ্যান্তর’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে।
আজ সন্ধ্যা ছয়টায় বেঙ্গল শিল্পালয়ে ১৭ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী এবং অধ্যাপক নজরুল ইসলাম।
প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা প্রায় ৭১টি। প্রদর্শনী ২২ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে।