
‘অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়’ গানটি যিনি প্রথম গেয়েছিলেন সেই শিল্পী বশির আহমেদ সংসারের মায়া-মমতার বাঁধন কেটে চলে গেছেন চিরতরে৷ গতকাল সন্ধ্যায় তাঁর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে যখন গানটি পরিবেশন করা হয় তখন বেদনা ভারাক্রান্ত হয়ে উঠেছিল মিলনায়তনের পরিবেশ ৷ মঞ্চে শিল্পী ও যন্ত্রীদের ওপর ঝলমলে আলো। মিলনায়তনে উপস্থিত তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও অনুরাগীদের দৃষ্টি সেখানে নিবদ্ধ। মঞ্চের আলোর খানিকটা পড়েছিল দর্শক সারিতেও৷ তাতে দেখা গেল প্রিয়জন হারানোর বেদনায় অনেকেরই চোখ ছলছল৷
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সংগীত ও নৃত্যকলা বিভাগের ব্যবস্থাপনায় প্রয়াত শিল্পী বশির আহমেদ স্মরণে গতকাল রোববার সন্ধ্যায় আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুরকার আলী হোসেন ও শেখ সাদী খান। স্বাগত বক্তব্য দেন একাডেমীর সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক সোহরাবউদ্দীন।
আলোচনা শেষে ছিল বশির আহমেদের গাওয়া ও সুর করা গানের পরিবেশনা। এতে সুবীর নন্দী শোনান ‘আমাকে পোড়াতে যদি’, মামুন জাহিদ খান গেয়ে শোনান, ‘অনেক সাধের ময়না আমার’, দিনাত জাহান ‘কথা বলো না বলো ওগো বন্ধু’। তাঁরা দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন ‘ওগো প্রিয়তমা ওরা জানতে চেয়েছে’। দিঠি শোনান ‘এই বৈশাখে লেখা প্রেমের চিঠি’, মেহেদি শোনান ‘সজনী গো ভালোবেসে এত জ্বালা’৷ শিল্পী মোমিনের গাওয়া ‘যারে যাবি যদি যা পিঞ্জর খুলে দিয়েছি’ গান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।