গানে কথায় শচীন দেব স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে গতকাল শচীন দেববর্মন স্মর​েণ আয়োজিত  অনুষ্ঠানে সংগীত পরিবেশন ক​রেন কিরণ চন্দ্র রায় l ছবি: প্রথম আলো
জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে গতকাল শচীন দেববর্মন স্মর​েণ আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন ক​রেন কিরণ চন্দ্র রায় l ছবি: প্রথম আলো

শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন ভবনে গতকাল মঙ্গলবার পিনপতন নীরবতার মধ্যে শচীন দেববর্মনের গান শুনলেন উপস্থিত শ্রোতারা৷ উপমহাদেশের কিংবদন্তি সংগীতব্যক্তিত্ব শচীন দেববর্মন। স্বকীয় গায়কি আর ব্যতিক্রমী কণ্ঠে গাওয়া গানের পাশাপাশি সৃষ্টি করেছেন অসংখ্য কালজয়ী বাংলা গান৷

গতকাল মঙ্গলবার জ্যৈষ্ঠের সন্ধ্যায় স্মরণ করা হলো সুরের এই অমর স্রষ্টাকে। তাঁর জীবন ও কাজ ​িনয়ে আলোচনা এবং তাঁর সৃষ্টি গানের সুরে সুরে সাজানো হয় এ স্মরণানুষ্ঠান। শিল্পীকে নিবেদিত আলোচনা দিয়ে স্মরণানুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও গবেষক করুণাময় গোস্বামী। বিশেষ অতিথির বক্তব্য দেন  কিরণ চন্দ্র রায়। স্বাগত বক্তব্য দেন একাডেমীর সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।

একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতিসচিব রণজিৎ বিশ্বাস। নির্ধারিত অতিথি না হলেও গান উপভোগ করা জন্য তিনি এসেছিলেন অনুষ্ঠানস্থলে। আলোচনা শেষে একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়, অনুপমা মুক্তি, সঞ্জয় রায়, ইয়াসমিন আলী, সন্দীপন, আবিদা রহমান সেতু প্রমুখ শিল্পী। সমবেত সংগীত পরিবেশন করে ঢাকার সাংস্কৃতিক দল।

শিল্পীদের পরিবেশনায় ছিল ‘ঝিলমিল ঝিলমিল নদীর জলে’, ‘রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে’, ‘বিরহ বড় ভালো লাগে’, ‘শোন গো দখিন হাওয়া’, ‘তুমি আর নেই সেই তুমি’, ‘তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি’,  নিশীথে যাইয়ো ফুল বনে’, ‘কে যাস​ রে’ ইত্যাদি। দলীয় নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমী রেপার্টরি দল।

নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী শুরু আজ

তরুণ শিল্পীদের প্রতিভা মেলে ধরতে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ১৯তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০১৪। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের আয়োজনে আজ দুপুর ১২টায় একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিল্পীদের পুরস্কার প্রদান এবং প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস ও শিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমী আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘নবীনেরাই আমাদের প্রাণশক্তি ও সাহসের উৎস। তাদের কর্মস্পৃহা ও অফুরান উদ্যম আমাদের আশার আলোকবর্তিকা। এ কারণেই মাতৃভাষা প্রতিষ্ঠায় দেশমাতৃকার গৌরবময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, গণতান্ত্রিক আন্দোলনসহ সর্বত্র উজ্জ্বল ভূমিকা রেখেছে তরুণেরা। আর এই তারুণ্যের উচ্ছলতায় প্রস্ফুটিত হয় শিল্পের ফুল।’

সংবাদ সম্মেলনে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সারা দেশের নবীন শিল্পীদের কাছ থেকে তাঁদের সৃজিত শিল্পকর্মের আলোকচিত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়। আর এ প্রক্রিয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৫২৮ নবীন শিল্পীর এক হাজার ২০৭টি শিল্পকর্ম জমা পড়ে। এর মধ্যে ১৬৬ শিল্পীর ১৯৭টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য চূড়ান্ত করেন নির্বাচকমণ্ডলী। এর মধ্যে একটি নবীন চারুশিল্পী পুরস্কার, তিনটি মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার ও চারটি সম্মানসূচক পুরস্কার। জাতীয় চিত্রশালা গ্যালারিতে অনুষ্ঠিতব্য প্রদর্শনী চলবে ২৫ জুন পর্যন্ত।