গানে-কবিতায় ম্যান্ডেলার জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মদিন উপলক্ষে গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে ঋষিজ শিল্পীগোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন শিল্পীরা ষ ছবি: প্রথম আলো
নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মদিন উপলক্ষে গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে ঋষিজ শিল্পীগোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন শিল্পীরা ষ ছবি: প্রথম আলো

‘তোমার ঢাকের শব্দ আজও দ্রিমি দ্রিমি বাজে/ তোমার দেহই তোমার ঢাল আফ্রিকা’—এমন কবিতার চরণ ব্যানারে ঠাঁই দিয়েই শ্রদ্ধা জানানো হয় নেলসন ম্যান্ডেলাকে। কবিতার কথার মতোই তিনি আফ্রিকাসহ পুরো বিশ্বের মুক্তিকামী মানুষের হূদয়ে বাস করেন। তাই তো জীবন্ত কিংবদন্তি এই নেতার জন্মদিনে গান, কবিতা আর আলোচনার মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।
বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। তাঁর সংগ্রামে কালো মানুষের পৃথিবীতে ঘটেছিল নতুন দিনের সূচনা। গোটা জাতিকে বাধাকে অতিক্রম করার শক্তি, মানুষকে মানুষ হিসেবে পৃথিবীতে স্থান দেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন এই নেতা। হাসপাতালের বিছানায় শুয়ে উদ্যাপিত হলো তাঁর জন্মদিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হলো এই অবিসংবাদিত নেতার জন্মদিন। এ উপলক্ষে গতকাল ঢাকার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী।
প্রথমেই ছিল ম্যান্ডেলাকে নিয়ে উদ্বোধনী সংগীত। ঋষিজ শিল্পীগোষ্ঠী সমবেত কণ্ঠে গেয়ে শোনায় ‘ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা জয় জয় জয়তু ম্যান্ডেলা’।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানমালার প্রথম পর্বে আলোচনা সভায় অংশ নেন বিশিষ্ট সংস্কৃতিজনেরা। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান। আলোচক ছিলেন প্রাবন্ধিক-লেখক মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, ঝুনা চৌধুরী, নাট্যাভিনেতা নাদের চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গণসংগীত শিল্পী ফকির আলমগীর।
বক্তারা বলেন, মানবসভ্যতা এগিয়ে নিয়ে যাওয়ার এক আলোকবর্তিকা নেলসন ম্যান্ডেলা। তিনি সারা জীবন যে সংগ্রাম ও ত্যাগ করেছেন, তা অতুলনীয়। তাঁর সারা জীবনের ত্যাগ, তিতিক্ষা ও সংগ্রামের ফলেই গণতন্ত্র ও সংখ্যাগরিষ্ঠ জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। ক্ষমতাসীন থাকা অবস্থায় স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন।
আলোচনা অনুষ্ঠানের সূচনাতেই ঋষিজ শিল্পীগোষ্ঠী পরিবেশন করে গান ‘কালো কালো মানুষের দেশে ওই কালো মাটিতে’। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। উদীচী পরিবেশন করে ‘আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা’। বহ্নিশিখা পরিবেশন করে ‘এই নতুন দিন ডাকে স্বপ্ন রঙিন’। ক্রান্তি শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘দীর্ঘজীবী হোক ম্যান্ডেলা’।
গানের ফাঁকে ফাঁকে ছিল কবিতা আবৃত্তি। বাকশিল্পী রফিকুল ইসলাম আবৃত্তি করেন প্রেমেন্দু মিত্রের ‘নীলকণ্ঠ’ কবিতাটি। রেজিনাওয়ালী লীনা আবৃত্তি পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা।
ফুসফুসের জটিল সংক্রমণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ম্যান্ডেলার আরোগ্য কামনা করে সমাপ্তি হয় অনুষ্ঠানের।

চ্যানেল আইয়ে ইফতার মেলা
চ্যানেল আই চত্বরে দেশের ঐতিহ্যবাহী ইফতার নিয়ে ‘প্রাণ লাচ্ছি-চ্যানেল আই মনোহর ইফতার মেলা’ অনুষ্ঠিত হবে কাল শনিবার। চারটি খ্যাতনামা হোটেল এবং ১৩টি ব্যক্তি পরিচালিত খাবার প্রতিষ্ঠান এবং তিনজন বিশিষ্ট ইফতার প্রস্তুতকারক অংশ নিচ্ছেন এ মেলায়। মেলায় মোট ৮০টি রেসিপির মনোহর ইফতারি প্রদর্শন করা হবে।
গতকাল চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইফতার মেলার বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেলার পরিকল্পক ও তত্ত্বাবধায়ক কেকা ফেরদৌসী, চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (প্রোগ্রাম) আমীরুল ইসলাম, প্রাণ-আরএফএল গ্রুপের জেষ্ঠ ব্যবস্থাপক (মিডিয়া) সুজন মাহমুদ এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের হেড অব ফুড অ্যান্ড বেভারেজ এ টি এম আহমেদ হোসেন।