গানে কবিতায় রবীন্দ্রনাথকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলনায়তনের ভেতর-বাইরে মঞ্চে শোভা পাচ্ছে রবীন্দ্রনাথের প্রতিকৃতি। সামনে জ্বলছে বেশকিছু প্রদীপ। মঞ্চে এলেন একদল শিল্পী। সম্মিলিত কণ্ঠে পরিবেশন করলেন, ‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এভাবেই শুরু হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ‘রবীন্দ্র আবৃত্তি সন্ধ্যা’। স্থান, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন। উপলক্ষ, সার্ধশত জন্মবর্ষে রবীন্দ্রনাথকে স্মরণ। দ্বিতীয় পরিবেশনা ছিল গীতি-আলেখ্য বজ্রে তোমার বাজে বাঁশি। রবীন্দ্রনাথের গান, কবিতা, নাটক ও প্রবন্ধ-নিবন্ধের বিশেষ বিশেষ অংশের সমন্বয়ে এটি গ্রন্থনা করেন কায়েস আহমেদ, নির্দেশনায় ছিলেন বেলায়েত হোসেন, সংগীত পরিচালনা করেন অনিকেত আচার্য। এতে অংশ নেন উদীচীর আবৃত্তি ও সংগীত বিভাগের শিল্পীরা। এ ছাড়াও ছিল রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা। সংগীত পরিবেশন করেন জয়া সেনগুপ্তা, মিতা সরকার, তন্ময় বিশ্বাস প্রমুখ। শিল্পীরা ‘পৌষ তোদের ডাক দিয়েছে’, ‘আলো আমার আলো’, ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়’ গান গেয়ে শোনান।সবশেষে ছিল লায়লা আফরোজ, মাসকুরে সাত্তার, ইকবাল খোরশেদ প্রমুখ অতিথিশিল্পীর আবৃত্তি পরিবেশনা।তোমার আকাশ দাও কবি‘তোমারে স্মরণ করি আজ এই দুর্দিনে/ হে বন্ধু হে প্রিয়তম’ রবীন্দ্রনাথকে নিবেদিত বুদ্ধদেব বসুর এই কথাগুলো উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শিরোনাম ‘তোমার আকাশ দাও’। রবীন্দ্রনাথের বেশকিছু গান ও কবিতার সমন্বয়ে এর গ্রন্থনা ও নির্দেশনা দেন মীর বরকত। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে গতকাল সন্ধ্যায় উদ্ভাসনের সহযোগিতায় জাতীয় নাট্যশালায় এ অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন তেপান্তর। অনুষ্ঠানে ছিল রবীন্দ্রনাথের গান ও কবিতা। এতে অংশ নেন রোমানা মাহজাবীন, রুবাইয়া খান, লুৎফুল কবির, নাদিরা সুলতানা প্রমুখ। ফরাসি ভাষা ও সংস্কৃতি নিয়ে ফ্রাঙ্কোফনি উৎসবফরাসি ভাষা ব্যবহারকারী ছয়টি দেশ প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে ‘ফ্রাঙ্কোফনি উৎসব’। ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত চলবে উৎসবের কার্যক্রম। এতে থাকবে সংগীতানুষ্ঠান ও ইংরেজি সাব-টাইটেলসহ ফরাসি ভাষায় নির্মিত বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শনী। উৎসবের অংশ হিসেবে ১৫ মার্চ আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হবে লালনগীতির আসর। গতকাল বৃহস্পতিবার আলিয়ঁস ফ্রঁসেজে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেওয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত চার্লে কসুরেট, কানাডিয়ান হাইকমিশনার রবার্ট ম্যাক ডুগাল, মিসরের হাইকমিশনের উপপ্রধান আহমাদ আল স্যুরবাগে, সুইজারল্যান্ডের ডেপুটি হেড অব মিশন গ্যাব্রিয়েল ডেরিগেটি, মরক্কোর রাষ্ট্রদূত মো. হাইরুরু, ভিয়েতনামের হেড অব মিশন পাহম ভ্যান ডিনহ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, কানাডা, ফ্রান্স, মরক্কো, মিসর, ভিয়েতনাম ও সুইজারল্যান্ড—এ ছয়টি দেশ ফ্রাঙ্কোফনির আয়োজন করেছে। ফ্রাঙ্কোফনি হচ্ছে ফরাসি ভাষা ব্যবহারকারী দেশেগুলোর সংগঠন।আন্তর্জাতিক দ্বিবার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী শিশুদের সুপ্ত প্রতিভার সুষ্ঠু বিকাশের লক্ষ্যে আন্তর্জাতিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমী।গতকাল বৃহস্পতিবার একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ষষ্ঠ দ্বিবার্ষিক আন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। আগামী ২৫ জুন আনুষ্ঠানিকভাবে শিশুদের বাছাই করা ছবির প্রদর্শনী শুরু ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ, সহকারী পরিচালক আমির হোসেন খান, ফয়সাল শাহ, আয়োজক কমিটির সদস্য-সচিব সামিনা নাফিজ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ছয়টি বিভাগে বিভক্ত এবারের প্রতিযোগিতা। পুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠতম ছবিসহ প্রতিটি গ্রুপে একটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ পদক দেওয়া হবে। এ ছাড়া প্রদর্শনীর বাছাই করা ছবির প্রত্যেক প্রতিযোগীকেই সনদ ও ক্যাটালগ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিশুরা এ প্রতিযোগিতায় অংশ নেবে। সিলেটে ‘কবি বন্দনা’সিলেট প্রতিনিধি জানিয়েছেন, সিলেট মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ‘কবি বন্দনা’ অনুষ্ঠিত হয়। ঢাকার সাংস্কৃতিক সংগঠন রবিরাগের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ, আমিনা আহমেদ, রানা কুমার সিনহা, শ্যামা আলী, স্বপন দত্ত, সন্ধ্যা রায়সহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। ‘নীল দিগন্তে’ দলীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।