গানে কবিতায় সুফিয়া কামাল স্মরণ
নারীমুক্তি আন্দোলন, সাংস্কৃতিক সংগ্রাম, সাহিত্যচর্চা—সবকিছুর মধ্য দিয়ে সুফিয়া কামাল জাতির অভিভাবকরূপে অধিষ্ঠিত হয়েছিলেন। নারীর অধিকার আদায়ে তাঁর যে লড়াই, তা নিছক কোনো ইস্যুভিত্তিক আন্দোলন নয়, বরং সব মানুষের সমান মর্যাদায় বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যেই তিনি এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।কবি বেগম সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বক্তারা। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ গতকাল শনিবার ছায়ানট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। কবি সুফিয়া কামাল এই সংগঠনের আজীবন সভাপতি ছিলেন।অনুষ্ঠানের আলোচনা-পর্বে সভাপতিত্ব করেন জিল্লুর রহমান সিদ্দিকী। আলোচনা করেন সন্জীদা খাতুন, মালেকা বেগম, সুলতানা কামাল ও মফিদুল হক।বক্তারা বলেন, সুফিয়া কামাল বিশ্বাস করতেন, অসাম্প্রদায়িকতা ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা ছাড়া মানবিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা অসম্ভব। তাঁর এ মানবমুখী চিন্তার প্রাসঙ্গিকতা কখনো ফুরানোর নয়। বাংলাদেশের সাংস্কৃতিক ও নারী জাগরণের আন্দোলনে, সামাজিক ন্যায় ও মানবিক অধিকার প্রতিষ্ঠায় সুফিয়া কামাল আমৃত্যু সংগ্রাম করে গেছেন। বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের অত্যন্ত কাছের মানুষ ছিলেন সুফিয়া কামাল। জীবনযাপনের সারল্যের মধ্য দিয়ে তিনি মানুষের কাছে পৌঁছেছিলেন। বক্তারা বলেন, তাঁরা ধন্য যে তাঁদের জীবনকালে তাঁরা এমন এক মহীয়সী সাধিকার দর্শন ও সান্নিধ্য লাভ করেছেন। শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমবেত নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এরপর সম্মেলক কণ্ঠে ‘ফিরে চল মাটির টানে’ গানটি পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন ‘তোমায় গান শোনাব’ গানটি। সুফিয়া কামালকে লেখা রবীন্দ্রনাথের চিঠি পড়ে শোনান সুলতানা কামাল। সুফিয়া কামালের একাত্তরের ডায়েরী পাঠ করেন সৈয়দ শহীদুল্লাহ।সবশেষে ছিল রবীন্দ্রনাথের কাব্যনাট্য গান্ধারীর আবেদন।