গানে, কবিতায় সৈয়দ হককে স্মরণ

প্রয়াত সাহিত্যিক সৈয়দ শামসুল হকের গান ও কবিতা দিয়ে তাঁকে স্মরণ করল বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজিত হয় তাদের এ অনুষ্ঠান। অনুষ্ঠানের শিরোনাম ‘জাগো বাহে...’।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা। সংক্ষিপ্ত আলোচনা পর্বে সৈয়দ হকের জীবন ও সৃষ্টি নিয়ে কথা বলেন কবি হাসান মাহমুদ, সংগীতশিল্পী মহাদেব ঘোষ ও বিশ্বজিৎ রায়। আরও ছিলেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (বার্তা) নারায়ণ চন্দ্র শীল। তাঁরা বলেন, সাহিত্যের প্রায় সব শাখায় সৈয়দ হকের আশ্চর্য বিচরণ ছিল। কী গল্প-উপন্যাস-নাটক, কী কবিতা-গান, এমনকি অনুবাদ সাহিত্যে তাঁর অবদান দেখলে আশ্চর্য হতে হয়। রবীন্দ্রোত্তর সময়ে এমন সব্যসাচী সাহিত্যিকের দেখা খুব কম মেলে।
দ্বিতীয় পর্বে একে একে গীত হয় সৈয়দ হকের জনপ্রিয় গানগুলো। বিভিন্ন চলচ্চিত্রের জন্য তিনি লিখেছিলেন এসব গান—‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ফুলের মালা পরিয়ে দিলে আমায় আপন হাতে’, ‘যার ছায়া পড়েছে, মনের আয়নাতে’, ‘তোরা দ্যাখ রে চাহিয়া’, ‘আমি চক্ষু দিয়া দ্যাখতাছিলাম জগৎ রঙ্গিলা’, ‘চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা’, ‘অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়’। গানগুলো গেয়েছেন শিল্পী আলম আরা মিনু, মহাদেব ঘোষ, নারায়ণ চন্দ্র শীল, খায়রুল ইসলাম, দিবাকর বিশ্বাস, হাসান মাহমুদ।
সৈয়দ হকের ‘আমার পরিচয়’ কবিতাটিকে সত্য সাহা সুর করেছিলেন। শিল্পী রফিকুল আলম সে গানটিও পরিবেশন করেন। এ ছাড়া ছিল সৈয়দ হকের কবিতা আবৃত্তি।