গানে-কবিতায় 'পরম ধন হে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পরম ধন হে’ শীর্ষক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা ।  ছবি: প্রথম আলো
‘পরম ধন হে’ শীর্ষক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা । ছবি: প্রথম আলো

‘ভালোবাসি, ভালোবাসি / এই সুরে কাছে দূরে/ জলে স্থলে বাজায় বাঁশি/ ভালোবাসি, ভালোবাসি’ সমবেত কণ্ঠে অনুষ্ঠানের শুরুতে এই গান ছায়ানট মিলনায়তনকে সুরের ভালোবাসায় ভাসিয়ে দেয়। গলা মেলান সবাই। পরক্ষণে কবিতা, আবারও গান—এভাবে গান-কবিতার সংমিশ্রণে সংগীতসন্ধ্যা ‘পরম ধন হে’ যেন ভালোবাসা দিবসে রবীন্দ্রপ্রেমীদের জন্য অনন্য এক উপহার।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে রবীন্দ্রনাথের গান ও কবিতার মিলনে ঘণ্টা খানেক সময় ধরে আয়োজিত এ সংগীতসন্ধ্যার আয়োজন করে নন্দন ও যুক্ত নামের দুটি সাংস্কৃতিক সংগঠন।
শিল্পী অনিরুদ্ধ সেনগুপ্ত শুনিয়েছেন ‘এমন দিনে তারে বলা যায়’ গানটি। ফেরদৌসী কাকলীর ‘প্রেম এসেছিল নিঃশব্দচরণে’, রাবিতা সাবাহর গাওয়া ‘আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি’ গানের সঙ্গে গলা মেলান উপস্থিত দর্শক-শ্রোতা। গানের মাঝে মাঝে জয়ন্ত রায়, নুরুননবী শান্ত, শামীম আরা ও নিশাত জাহানের ভরাট গলার আবৃত্তির সঙ্গে অসিত বিশ্বাসের এসরাজের সুর আবারও প্রমাণ করে যুগে যুগে শ্রোতাদের কাছে রবীন্দ্রনাথের গানের আবেদন, বাড়বে বই কমবে না।
অনুষ্ঠানে তানজিনা তমার গাওয়া ‘যদি প্রেম দিলে না প্রাণে’, আরিফুর রহমানের কণ্ঠে ‘আমার সকল নিয়ে বসে আছি’ ও সাইফুল ইসলাম খানের গাওয়া ‘তুমি কিছু দিয়ে যাও’-এর সঙ্গে গুল মোহাম্মদের হাতের মন্দিরা ও সুবীর ঘোষের তবলায় মন্ত্রমুগ্ধ কাটে পুরো রবীন্দ্রসন্ধ্যা।