গানে গানে ইউ টুর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউ টুর সদস্যরা
ইউ টুর সদস্যরা

পাঁচ বছর পর স্টুডিও অ্যালবাম করেছে আইরিশ রক গানের দল ইউ টু। নাম সংস অব ইনোসেন্স। এটা ইউ টুর ত্রয়োদশ অ্যালবাম। বিলবোর্ড ম্যাগাজিনের শীর্ষ তালিকাগুলোর কয়েকটিতে স্থান করে নিয়েছে অ্যালবামটি। টপ অলটারনেটিভ অ্যালবামস ও টপ টেস্টমেকার অ্যালবামসের শীর্ষ স্থান, টপ রক অ্যালবামসের দ্বিতীয় স্থান আর ‘বিলবোর্ড ২০০’ তালিকায় নবম স্থানে আছে ইউ টু।
এ বছরের ৯ সেপ্টেম্বর আই টিউনস স্টোরে ইউ টু সবার জন্য বিনা মূল্যে ছেড়ে দেয় গানটি। শুরুতেই ডিজিটাল আকারে অ্যালবামটির ৫০ কোটি কপি গ্রাহকেরা বিনা মূল্যে ডাউনলোড করতে পারবে। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, এটি সর্বকালের সর্ববৃহৎ অ্যালবাম মুক্তির ঘটনা।
তবে এভাবে অ্যালবাম মুক্তি দিয়ে সমালোচকদের তোপের মুখে পড়তে হয়েছে অ্যাপল কর্তৃপক্ষকে। কারণ, গ্রাহকদের কোনো মতামত অথবা আগ্রহ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেক আইটিউন গ্রাহকের অ্যাকাউন্টে চলে যায় অ্যালবামটি। সবার কাছে ইউ টুর গান ভালো নাও লাগতে পারে।
এদিকে অ্যাপলের হিসাব অনুযায়ী এরই মধ্যে আট কোটি ১০ লাখ শ্রোতা অ্যালবামটি শুনেছেন। আর পুরো অ্যালবামটি সংরক্ষণ করছেন দুই কোটি ৬০ লাখ শ্রোতা।
পাঁচ বছর পর নতুন অ্যালবাম করেছে ইউ টু। এই বিরতির কারণ ইউ টুর দ্বাদশ অ্যালবাম নো লাইন ইন দ্য হরাইজন-এর আশানুরূপ সাফল্য না পাওয়া। তবে ওই অ্যালবামটি ৩০টি দেশের সংগীতের শীর্ষ তালিকার শীর্ষ স্থান দখল করেছিল অনেক দিন। কিন্তু ইউ টুর অ্যালবাম স্বাভাবিকভাবে যতটা বিক্রি হয়, তার ধারেকাছেও যেতে পারেনি নো লাইন ইন দ্য হরাইজন।
এরপর ইউ টুর সদস্যরা বেশ কিছুদিন ছিলেন মরক্কোর ফেজ শহরে। সেখানে তাঁরা স্থানীয় লোকজ ধারার গান নিয়ে কাজ করেন।
ইউ টু দীর্ঘ সফরে যাদের কাছ থেকে বিভিন্ন সময় অনুপ্রেরণা পেয়েছে, তাদের প্রতি সম্মান জানিয়েছে সংস অব ইনোসেন্স অ্যালবামে। পাশাপাশি আছে এই ব্যান্ডের সদস্যদের শৈশবের অভিজ্ঞতা, ভালোবাসা আর অনুশোচনার কথা। ইউ টুর অন্যতম সদস্য বোনোর মতে, সংস অব ইনোসেন্স অ্যালবামটি তাঁদের ব্যক্তিগত বিষয়ের গল্প নিয়ে। তিনি বলেন, ‘আমরা খুব ব্যক্তিগত একটি অ্যালবাম করতে চেয়েছি। কেন আমরা একটি গানের দলে যোগ দিয়েছিলাম, দলটিকে ঘিরে অন্যান্য সম্পর্কের মায়াজাল, আমাদের বন্ধুত্ব, আমাদের প্রিয়জন, আমাদের পরিবার। ভৌগোলিক, আধ্যাত্মিক কিংবা কামনা-বাসনার বিষয়গুলো তুলে ধরা কঠিন। কিন্তু আমরা সেসব নিয়ে কাজ করেছি।’
বোনো আরও বলেন, ‘সংস অব ইনোসেন্স অ্যালবামের গানের মধ্যেই আছে ইউ টুর সদস্যদের জীবনের কথা।’ পাঠক, এবার ইউ টুর নতুন অ্যালবাম শুনতে শুনতেই আপনি সেসব গল্প জেনে নিতে পারেন।
মনোয়ারুল হক
বিলবোর্ড, অ্যাপল, ইউ টু অবলম্বনে