
কিছুক্ষণ পরপর আবৃত্তি হচ্ছিল এক কবির কতগুলো কবিতা, ‘বারে বারে আসে আঁধি/ তবুও নবীন সূর্যালোকের আশায় বক্ষ বাঁধি’, ‘অন্তর তৃষা মিটাতে এসেছে মমতার মধু-সুধা?/ রিক্তের প্রাণ ভরিবে কি আজ পুণ্যের আশ্বাসে?’ কিংবা ‘আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা/ তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা।’
শেষের কবিতাটি স্কুলের পাঠ্যবইতে সবার পড়া। কবিতাগুলো সুফিয়া কামালের লেখা। গতকাল ছিল তাঁর জন্মদিন। এ উপলক্ষে সকালে ছায়ানট আয়োজন করেছিল একটি অনুষ্ঠানের। তাতে ছিল কবির কবিতা আবৃত্তি ও গান।
ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সুফিয়া কামাল। ‘আশায় বক্ষ বাঁধি’, ‘মিটাতে জঠর ক্ষুধা’ ও ‘আজিকার শিশু’—এই তিনটি কবিতায় যেন ফুটে ওঠেন সুফিয়া কামাল, চিরন্তন আশার প্রতীক, সংগ্রামী এক নারী হয়ে। কবিতাগুলো আবৃত্তি করেন ক্যামেলিয়া ও আব্দুস সবুর খান চৌধুরী।
শুরুতে লাইসা আহমদ লিসার নেতৃত্বে সমবেত কণ্ঠে গীত হয় রবীন্দ্রসংগীত ‘হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে/ জীবন আমার উঠুক বিকাশি তোমার পানে’। একই দল অনুষ্ঠানের শেষে আবার গেয়ে শোনান ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’।
এ ছাড়া একক কণ্ঠে লাইসা আহমদ লিসা শোনান রবীন্দ্রনাথের গান ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’, ইফ্ফাত আরা দেওয়ান শোনান ‘আমার হাত ধরে তুমি নিয়ে চল সখা’। অতুল প্রসাদের গান ‘ওগো নিঠুর দরদী, এ কী খেলছ অনুক্ষণ’ শোনালেন সুমন মজুমদার, পল্লিসংগীত ‘আজ রাধার শুভদিন’ গেয়ে শোনালেন আবুল কালাম আজাদ এবং ‘গুরু, আমারে কি রাখবে করে চরণদাসী’ গানটি গেয়ে শোনান চন্দনা মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মফিদুল হক।
চারকোল ও প্যাস্টেলে ‘দ্য বিউটি অব ড্রয়িং’
এথেনা গ্যালারি অব ফাইন আর্টসের উদ্যোগে আয়োজন করা হয়েছে চিত্রকলা প্রদর্শনী ‘দ্য বিউটি অব ড্রয়িং’। ১৫ জুন সোমবার বিকেল সাড়ে পাঁচটায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন শিল্পী জামাল আহমেদ, হামিদুজ্জামান খান এবং গ্যালারির চেয়ারপারসন নিলু রওশন মোরশেদ।
শিল্পী জামাল আহমেদের পরিচালনায় ৯ জুন থেকে তিন দিনের একটি চিত্রকর্মশালার আয়োজন করেছিল গ্যালারি এথেনা। তাতে অংশ নেওয়া চারুকলার শিক্ষার্থী ও কয়েকজন শিল্পীর আঁকা ছবি নিয়ে এই প্রদর্শনী। প্রদর্শনীতে রয়েছে জামাল আহমেদ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন, খালিদ মাহমুদ মিঠু, কনকচাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, অনুকূল চন্দ্র মজুমদার, কামাল উদ্দিন, উজ্জ্বল ঘোষ, সুমন ওয়াহেদ, আনিসুজ্জামান মামুন, পারভেজ হাসান রিগান, আবদুস সাত্তার তৌফিক, সাহিদ কাজী ও সুলতান ইশতিয়াকের মোট ৩৫টি ছবি। এর প্রায় সব কটিই চারকোল ও প্যাস্টেলে আঁকা।
উত্তর বাড্ডা প্রগতি সরণির এ জে হাইটসের এই গ্যালারিতে প্রদর্শনীটি চলবে ১০ জুলাই পর্যন্ত। প্রতি মঙ্গল থেকে শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে।