গানে গানে কলিম শরাফী স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে কলিম শরাফী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে গানের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনা l প্রথম আলো
জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে কলিম শরাফী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে গানের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনা l প্রথম আলো

তিনি নেই। মঞ্চের একপাশে আলো হয়ে আছে তাঁর প্রতিকৃতি। মোটা ফ্রেমের চশমায় চিরচেনা লোকটির ছবির ওপর গাঁদা ফুলের মালা। নিচে জ্বলছে প্রদীপ। চিত্রটি বলে দিচ্ছে ছবির মানুষটি নেই। এ সত্যটি মেনে নিয়ে সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে দেশের রবীন্দ্রসংগীত ভুবনের কিংবদন্তি শিল্পী কলিম শরাফীকে স্মরণ করল তাঁরই গড়া প্রতিষ্ঠান ‘সঙ্গীত ভবন’। রবীন্দ্র ও নজরুলের গানের বাণীর সুরে পরিবেশন আর আলোচনায় শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানায় প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে কলিম শরাফীকে নিয়ে স্মৃতিচারণা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম ও রবীন্দ্রসংগীতশিল্পী তপন মাহমুদ। সভাপতিত্ব করেন সঙ্গীত ভবনের অধ্যক্ষ পীযূষ বড়ুয়া।
‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটির সমবেত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। গানের সঙ্গে ছিল নৃত্যের নান্দনিক পরিবেশনা। এ ছাড়া ছিল ‘অন্তর মম বিকশিত করো’ গানটি। গান গেয়ে শোনান সর্ব্বাণী চক্রবর্তী, রিফাত জামাল, আহমেদ জিয়াউর রহমান, তপন মাহমুদ, পীযূষ বড়ুয়া, অনুশ্রী ভট্টাচার্য ও আদৃতা আনোয়ার।
১৯২৪ সালে পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া কিংবদন্তি শিল্পী কলিম শরাফী ২০১০ সালের ২ নভেম্বর ঢাকায় মারা যান।