
গানে গানে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিন দিনের সংগীত উৎসব শুরু হলো গতকাল রোববার থেকে। শিল্পকলা একাডেমীর মাঠে বিশাল মঞ্চ করে বসেছে এই গানের আসর। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে এই উৎসব হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায়।
বসন্তের শেষ বেলায় গতকাল এই উৎসবের উদ্বোধন করেন যাত্রাদলের বিবেক সম্রাট হিসেবে খ্যাত বিশিষ্ট যাত্রাশিল্পী গৌরাঙ্গ চন্দ্র আদিত্য। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। শুভেচ্ছা বক্তব্য দেন মাহমুদ সেলিম, সুজিত মোস্তফা ও সোহরাব উদ্দীন। স্বাগত বক্তব্য দেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন মাহমুদ।
‘জঙ্গিবাদের বিরুদ্ধে সংগীত’ শীর্ষক এই উৎসবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ৪১টি সংগীত সংগঠন অংশ নিচ্ছে। এ ছাড়া একক কণ্ঠের গানে থাকবেন প্রায় ৮০ জন শিল্পী। আলোচকেরা বলেন, বাঙালির দীর্ঘকালের আন্দোলন সংগ্রামে সাংস্কৃতিক কর্মীরা বরাবরই সামনের সারিতে থেকে অংশগ্রহণ করেছেন। সাম্প্রদায়িকতার উত্থান ও জঙ্গিবাদকে মোকাবিলা করতে গণমানুষের মনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখা এখন জরুরি প্রয়োজন। এ ক্ষেত্রে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই এই উৎসবে দেশের গান ও লোকগানকে প্রাধান্য দেওয়া হয়েছে। এসব গান মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে, জাতির নানা সংকটকালে কাজ করেছে প্রতিবাদের মূলমন্ত্র হিসেবে।
আলোচনার পর গানের পর্ব শুরু হয়েছিল সুরের ধারার শিল্পীদের পরিবেশিত ‘ও আমার দেশের মাটি’ গানটি দিয়ে। পরে তাঁরা পরিবেশন করেন ‘সংকোচের বিহ্বলতা নিজের অপমান’, ‘গ্রামছাড়া এই রাঙামাটির পথ’। প্রথম দিনের অনুষ্ঠানে অংশ নেওয়া সংগঠনগুলোর মধ্যে ছিল ঢাকার সংগীত ভবন, বাঁশুরিয়া, নিবেদন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, সারগাম ললিতকলা একাডেমী, স্বপ্নকুঁড়ি, বেনুকা লালিতকলা একাডেমি, বরিশালের বিশ্বনাথ দাসমুন্সীর দল ও নেত্রকোনার প্রদীপ পণ্ডিতের দল।
উদীচীর গণসংগীত উৎসব শেষ
অসুরবিনাশী সুর ছড়িয়ে দেওয়ার প্রত্যয় উচ্চারণের মধ্য দিয়ে শেষ হলো উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা।
তিন দিনব্যাপী এ উৎসবের তৃতীয় ও শেষ দিন গতকাল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত হয় আমন্ত্রিত অতিথি ভারতীয় শিল্পী শুভেন্দু মাইতির একক সংগীতসন্ধ্যা।
অনুষ্ঠানটি আয়োজনের কথা ছিল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। কিন্তু গতকাল সকালে জাদুঘরের চতুর্থ তলায় আকস্মিক অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে জাদুঘর কর্তৃপক্ষ সেখানে অনুষ্ঠান আয়োজন না করার অনুরোধ করলে তাৎক্ষণিক সিদ্ধান্তে তা শিল্পকলা একাডেমীতে স্থানান্তর করা হয়।
উদীচীর সহসভাপতি হাবিবুল আলমের সঞ্চালনায় শুরু হয় শুভেন্দু মাইতির একক সংগীতসন্ধ্যা। অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার। স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী। শুভেন্দু মাইতির পরিচিতি পাঠ করেন উদীচীর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
মূলত গণসংগীত দিয়েই নিজের গতকালের নিবেদনের ডালি সাজান শুভেন্দু। শুরু করেন ‘অনেক শহর গ্রাম ছাড়িয়ে, অনেক দূর সে গ্রাম’ গানটি দিয়ে। এরপর একটি কবিতা আবৃত্তি করেন। তারপর ছিল ‘বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া দাঁত কেন বান্ধাইলি’ গানটি। বিভিন্ন আন্দোলন-সংগ্রামসহ ইতিহাসের নানা পর্যায়ের আরও কিছু গান করেন তিনি।
শুভেন্দু মাইতির মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমেই শেষ হয় উদীচী আয়োজিত তিন দিনব্যাপী গণসংগীত উৎসব আর প্রতিযোগিতা। ‘অসুরবিনাশী সুরের আগুন, ছড়িয়ে দাও সবখানে’ স্লোগান নিয়ে গত শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হয়েছিল এ আয়োজন। দেশের সর্বস্তরের মানুষের মাঝে গণসংগীতকে ছড়িয়ে দেওয়া এবং গণসংগীতের প্রচার ও প্রসারের লক্ষ্যে উদীচীর প্রতিষ্ঠাতা সভাপতি সত্যেন সেনের জন্মদিবস উপলক্ষে প্রতিবছর এ আয়োজন করা হয়।

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিল্পীদের যৌথ প্রদর্শনী
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে সিউলের মক্কুমতো গ্যালারিতে শুরু হয়েছে বাংলাদেশের সাত শিল্পী ও কোরিয়ান শিল্পীদের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। এই প্রদর্শনীর আয়োজন করছে কোরিয়ার ইয়ং-ওয়ান গ্রুপ এবং বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। গত ২৭ মার্চ শুরু হয়েছে নয় দিনের এই প্রদর্শনী।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী বাংলাদেশের শিল্পীরা হলেন মাহমুদুল হক, মোহাম্মদ ইউনূস, নাসরিন বেগম, মোস্তাফিজুল হক, নাজিয়া আন্দালিব প্রিমা, আনিসুজ্জামান ও বিপাশা হায়াত। প্রদর্শনীতে তাঁদের ৩৫টি শিল্পকর্ম রয়েছে। বিজ্ঞপ্তি।