
কাজী নজরুল ইসলামের পরিচয় বাঙালির কাছে নতুন করে দেওয়ার কিছু নেই। কবিতা আর গান তো আছেই, পাশাপাশি গল্প, উপন্যাসসহ বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্র তিনি ভরিয়েছেন সোনার ফসলে। ১২ ভাদ্র ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী। দ্রোহ ও প্রেমের কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে নজরুলসংগীত শিল্পী পরিষদ আয়োজন করেছিল ‘জনম জনম গেল আশাপথ চাহি’ শিরোনামে নজরুলের গানের আসর।
শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গান শোনার জন্য অপেক্ষা করছিলেন দর্শকেরা। মিলনায়তন ভর্তি শ্রোতারা যখন একে অপরের সঙ্গে আলাপচারিতায় মশগুল, তখন হঠাৎ করেই নিভে গেল সব আলো। মঞ্চে আসেন পরিষদের শিল্পীরা। সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত মুস্তফা সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দেন। এরপর শুরু হয় সমবেত পরিবেশনা ‘দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদার নাথ’।
কোনো আলাপচারিতা কিংবা বর্ণনা নয়, শুধু গানের ডালি দিয়েই সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। অনুষ্ঠানের দ্বিতীয় পরিবেশনা ছিল সমবেত কণ্ঠে ‘মৃত্যু নাই, নাই দুঃখ—/আছে শুধু প্রাণ—’ গানটি। এর পর ছিল একক পরিবেশনা। শিল্পীরা পরিবেশন করেন ‘সাঁঝের পাখীরা ফিরিল কুলায়’, ‘মসজিদের পাশে আমায় কবর দিও ভাই’, ‘পুবাল হাওয়া’, ‘কে তুমি দূরের সাথী’, ‘পরজনমে দেখা হবে প্রিয়’, ‘গভীর নিশীথে ঘুম ভেঙে যায়’, ‘ঘুমায়েছে ফুল পথের ধুলায়’, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘তোমার বুকের ফুলদানিতে ফুল হ’ব বঁধু আমি’, ‘বনে মোর ফুল ঝরার বেলা’ এসব গান। একক কণ্ঠের শিল্পীদের মধ্যে ছিলেন এম এ মান্নান, ফাতেমা-তুজ-জোহরা, ফেরদৌস আরা, ইয়াসমিন মুশতারী, রওশন আরা, রাহাত আরা গীতি, ইফফাত আরা নার্গিস, সুমন চৌধুরী প্রমুখ।
দ্বিজেন্দ্রলাল রায়ের সার্ধশত জন্মবর্ষের অনুষ্ঠান
পঞ্চগীতি কবির অন্যতম কবি ও বাংলা সাহিত্যের বিশিষ্ট নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। কবির সার্ধশত জন্মবর্ষে তাঁর নানামুখী সৃষ্টিশীলতার পরিচয় তুলে ধরতে আগামী শুক্র ও শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। এ উদ্যোগে সহযোগী হয়েছে কলকাতার শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব কালচার। দুই দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান।
প্রতিদিনের অনুষ্ঠান দুই পর্বে বিভক্ত। প্রথমে আলোচনা ও পরে গান। প্রতিদিনই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশের ও কলকাতার শিল্পীরা দ্বিজেন্দ্রগীতি ও সমসাময়িক গীতিকারদের সংগীত, পাঠ ও শ্রুতি নাটক পরিবেশন করবেন।