গানে গানে প্রতিবাদ বাউলদের
শহীদ মিনারের বেদিতে গেরুয়া পোশাকের শতাধিক বাউলের সঙ্গে বসে আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। গতকাল বুধবার গানে গানে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তাঁরা। ৫ এপ্রিল রাজবাড়ীর পাংশায় বাউলদের ওপর যে হামলা হয়, তার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বাউলেরা বলেছেন, গানই তাঁদের সাধনা, গানই তাঁদের প্রতিবাদের ভাষা। বিকেল সাড়ে চারটায় ‘গেরামের নওজোয়ান হিন্দু মুসলমান’ গানটি পরিবেশন করে সমাবেশের কার্যক্রম শুরু করেন নয়ন বাউল। এরপর বাউলেরা আরও কয়েকটি গান পরিবেশন করেন।গানের পরে জোটের পক্ষে বক্তব্য দেন প্রাবন্ধিক মফিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, ফকির আলমগীর, শিমূল ইউসুফ, ঝুনা চৌধুরী, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ, তামান্না রহমান প্রমুখ। মফিদুল হক বলেন, ‘বাউল গান বাঙালি সংস্কৃতির অন্যতম অঙ্গ। মুক্তিযুদ্ধসহ আমাদের নানা আন্দোলন-সংগ্রামে প্রেরণা জুগিয়েছে বাউল গান। আমাদের জাতীয় সংগীতের সুর বাউল গান থেকেই নেওয়া। অন্যদিকে ইউনেসকো একে বিশ্বমানবের সম্পদ হিসেবে আখ্যায়িত করেছে। সুতরাং বাউলদের ওপর হামলা মানে বাংলাদেশের আত্মা, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার ওপর হামলা। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য গোটা জাতিকে সচেতন থাকতে হবে। এখনই আমাদের ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’বক্তব্যের পর সংগীত পরিবেশন করেন সান্ত্বনা মণ্ডল, ইসহাক দেওয়ান, দেলোয়ার বাউল, মমতা দাসী, আলম দেওয়ান, দেলোয়ার বয়াতি, বেবী দেওয়ান, কুদ্দুস বয়াতি, অমিত শীল প্রমুখ। বাউলেরা ‘বাংলাদেশের বাউল আমি বাংলায় গান গাই’, ‘আমি দয়াল তোমার দয়ার ভিখারি’, ‘পাপ-পুণ্যের কথা আমি কাহারে সুধাই’, ‘ওরে গান গাই আমার মনরে বুঝাই’—এসব গান গেয়ে শোনান।রবীন্দ্র উৎসবে বাঙালি ও ব্রিটিশ সংস্কৃতির সংযোগবাংলার সঙ্গে ব্রিটিশ সংস্কৃতির সংমিশ্রণ ঘটিয়ে নতুন আঙ্গিক ও ভাবনায় উপস্থাপন করা হবে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য তাসের দেশ। এটি আগামীকাল শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। রবীন্দ্র ফ্যাশন প্রদর্শনী হবে ২৮ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এরই মধ্য দিয়ে শেষ হবে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত চার মাসব্যাপী রবীন্দ্র উৎসব। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ‘নব গানে নব প্রাণে’ শীর্ষক রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সহযোগিতায় এই উৎসব শুরু হয়। এরপর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় সৃজনশীল লেখক কর্মশালা।গতকাল বুধবার দুপুরে ব্রিটিশ কাউন্সিল তাদের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।তাসের দেশ-এর কোরিওগ্রাফি নির্দেশনা দিচ্ছেন মণিপুরী ও ভরতনাট্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব এবং যুক্তরাজ্যের লিডস মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রধান র্যাচেল ক্রিশে। এই নৃত্যনাট্যে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে র্যাচেল ক্রিসে বলেন, ‘তাসের দেশ-এ কাজের মাধ্যমে ধারণা বিনিময়ের এক দারুণ সুযোগের সূচনা হয়েছে। সাংস্কৃতিক সহযোগিতা ও বিনিময়ের যে কথা রবীন্দ্রনাথ বলে গেছেন, তা প্রয়োগের জন্য এ ধরনের উৎসব সবচেয়ে উপযুক্ত জায়গা।’ফ্যাশন প্রদর্শনীতে তুলে ধরা হবে ফ্যাশনে রবীন্দ্রনাথের প্রভাব। রবীন্দ্রনাথ ছিলেন খুবই রীতিকুশলী ও পোশাকসচেতন। নিজেকে মানানসই রাখার পাশাপাশি তিনি তাঁর বই ও নাটকের চরিত্রগুলোর পোশাকেরও নকশা করতেন। নয়জন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এ ফ্যাশন প্রদর্শনীর জন্য কাজ করেছেন।ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথু নোলেস বলেন, ‘চার মাসব্যাপী এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে রবীন্দ্রনাথের কাজ, দর্শন ও ধারণা সমসাময়িক আঙ্গিকে তুলে ধরার প্রয়াস ছিল। সহযোগিতামূলক প্রকল্পে শিল্পচর্চার মাধ্যমে আন্তর্জাতিকভাবে ধারণা বিনিময়ের সুযোগ ক্রমাগত বাড়বে, এটাই আমাদের প্রত্যাশা।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী লুবনা মরিয়ম, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান ও গ্রামীণফোনের উপপরিচালক আমান আশরাফ ফয়েজ।মহানগর পথনাটক উৎসব সমাজের একটি শ্রেণী তাদের কর্মতৎপরতা ভালো-মন্দ যা-ই হোক, তা প্রচারে ব্যস্ত। আরেকটি শ্রেণী যেকোনো উপায়ে তাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি দেশে-বিদেশে তুলে ধরতে চায়। অন্য আরেকটি শ্রেণী সম্পদ আহরণে যেকোনো অপকর্ম করতে প্রস্তুত। এমন কিছু ঘটনার মধ্য দিয়ে দেশের বর্তমান চিত্র তুলে ধরা হয় ভিশন থিয়েটারের ভাবমূর্তি নাটকে। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত ঢাকা মহানগর পথনাট্য উৎসবের দ্বিতীয় দিনে এটি প্রদর্শনের মধ্য দিয়ে শুরু নাটকের পালা। মলয় ভৌমিক রচিত নাটকটির নির্দেশনা দেন শেখ ফিরোজ মাহমুুদ। এ ছাড়া এদিন প্রদর্শিত হয় নাট্যধারার আবার বাংলাদেশ। এটি রচনা ও নির্দেশনা দেন লিজা আসমা। আনোয়ারুল হকের রচনা ও নির্দেশনায় ঐকিক থিয়েটার পরিবেশন করে টিক টিক টিক। মঞ্চকথা সংঘ পরিবেশন করে নাটক গিরগিটি। সফদার হাশমি রচিত এ নাটকের নির্দেশনা দেন মোস্তফা শরীফ। উৎসবে আজ তৃতীয় দিন প্রদর্শিত হবে সুবচন নাট্য সংসদের দ্য ম্যাড, অবয়ব নাট্যদলের পুকুর চুরি, সেন্টার ফর বাংলাদেশ থিয়েটারের সমস্যা প্রতিদিন, চন্দ্রকলা থিয়েটারের আজব বাক্স, নাট্যযোদ্ধার বোবা টিয়া এবং এই বাংলার সবুজ পরী। উৎসব চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।