গানে গানে বগুড়ায় রবীন্দ্র মেলা
‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে নৃত্যসহযোগে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে শুরু হয়েছিল বগুড়ায় রবীন্দ্র মেলার আনুষ্ঠানিকতা। তারপর গানে-নৃত্যে-আবৃত্তিতে কেটেছে গতকাল শুক্রবার সারা দিন। স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বগুড়া জেলা শাখা মেলার আয়োজন করে। প্রবীণ নাট্যব্যক্তিত্ব মাহফুজুল বারী মেলার উদ্বোধন করেন।মেলা উপলক্ষে সকাল নয়টায় শহীদ টিটু মিলনায়তনে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি কেন্দ্রীয় শহীদ মিনারে (খোকন পার্ক) গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে। পরে শোভাযাত্রাটি আবার টিটু মিলনায়তনে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন বগুড়ার অন্যতম সাংস্কৃতিক সংগঠন আমরা কজন শিল্পীগোষ্ঠীর সদস্যরা। তার পরই শুরু হয় বোধন সংগীত। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বগুড়া জেলা শাখার সদস্যরা ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’ এই বোধন সংগীত পরিবেশন করেন।এরপর সম্মিলন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মীর ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জি। আরও বক্তব্য দেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব খন্দকার গোলাম কাদের, নাট্যজন মৃণাল কান্তি সাহা, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সংস্কৃতিজন শ্যামল বিশ্বাস প্রমুখ। আলোচনার পর ছিল রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার শিল্পীদের একক গান আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। বগুড়ার শিল্পী গায়ত্রী সূত্রধর পরপর দুটি রবীন্দ্রসংগীত পরিবেশন করে দর্শকদের বিমোহিত করেন। সন্ধ্যায় শুরু হয় বরেণ্য শিল্পীদের পরিবেশনা। মিলনায়তন ছিল শ্রোতায় পরিপূর্ণ। একের পর এক রবীন্দ্রসংগীত পরিবেশন করেন পাপিয়া সারোয়ার, মিতা হক, সালমা আকবর, সাজেদ আকবর, লিলি ইসলাম, বুলবুল ইসলাম, লাইসা আহমেদ, অদিতি মহসিন প্রমুখ।