গানে গানে বিজয় উৎসব
শীতের সন্ধ্যায় গান শুনতে প্রচুর লোকের সমাগম হয়েছিল শহীদ মিনারে। সেই গানে ছিল দেশের কথা, দেশের মানুষের কথা। আয়োজনটি ছিল বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদের। শুধু গান দিয়ে বিজয় উৎসবের আয়োজন করেছে সংগঠনটি। সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে তিন দিনের বিজয় উৎসব। ‘এ দেশ মানুষের, যুদ্ধাপরাধীর নয়’ স্লোগান নিয়ে উৎসবের উদ্বোধন করেন বরেণ্য শিল্পী অজিত রায়। প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক জেনারেল (অব.) হারুন অর রশিদ। আলোচক ছিলেন মোহাম্মদ রফিকুজ্জামান,্রজামাল উদ্দিন হোসেন, লায়লা হাসান প্রমুখ। সভাপতিত্ব করেন হাবিবুল আলম খান। সঞ্চালনায় ছিলেন বিশ্বজিৎ রায়।অনুষ্ঠান শুরু হয় ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি দিয়ে। গানের পর্বে সুরের ধারার শিল্পীরা ‘ও আমার দেশের মাটি’ ও ‘আর নয় আর নয়’, স্বপ্নকুঁড়ির শিল্পীরা শোনান ‘এক ঝাঁক পলাশের দুরন্ত’ ও ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, সারগাম ললিতকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করেন ‘একি অপরূপ রূপে মা তোমায়’ ও ‘স্বাধীনতা তুমি রবিঠাকুরের’, বাঁশরিয়া শিল্পীগোষ্ঠীর শিল্পীরা শোনান ‘এই বাংলা রবিঠাকুরের’ ও ‘বল বলরে বল সবে বাঙালির জয়’, গীত শতদলের পরিবেশনা ছিল ‘মুক্তির মন্দির সোপানতলে’ ও ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’। এ ছাড়া ধর্মরাজিক ললিতকলা একাডেমি, পদাতিক সংগীত সংসদ ও বাউল প্রচার সংস্থা দলীয় পরিবেশনায় অংশ নেয়। একক গান পরিবেশন করেন প্রমোদ দত্ত, রোকাইয়া হাসিনা, পীযূষ বড়ুয়া, মহাদেব ঘোষ, রাহাত আরা গীতি, ছন্দা চক্রবর্তী, তপন মজুমদার, আবুল কালাম আজাদ, আজিজুর রহমান, সাথী ইসলাম, দীলিপকুমার দাস প্রমুখ।হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান-লেখক পুরস্কারবাংলা একাডেমী পরিচালিত ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান-লেখক পুরস্কার’ প্রবর্তন করা হয় বাংলা ১৩৯৯ সনে। প্রখ্যাত বিজ্ঞানী আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীন তাঁর বাবা অধ্যক্ষ শাইখ শরফুদ্দীন ও মা হালীমা বেগমের স্মৃতি রক্ষার্থে এই পুরস্কারের তহবিল প্রদান করেন। বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় তরুণ বিজ্ঞানকর্মীদের উৎসাহিত করার লক্ষ্যে প্রতি দুই বছর অন্তর হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান-লেখক পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী এবং এ-সংক্রান্ত পেশায় জড়িত বাংলাদেশের নাগরিকদের এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান-লেখক পুরস্কার ১৪১৫-১৪১৬ লাভ করেছেন বিশিষ্ট বিজ্ঞান-লেখক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জে বি এম জাফর সাদেক। পুরস্কারপ্রাপ্ত লেখকের হাতে ৩০ হাজার টাকা মূল্যমানের চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।হাশেম খানের চিত্রমালাশিল্পী হাশেম খানের ছবিতে ধরা দেয় চিরসবুজ বাংলাদেশের নয়নাভিরাম নিসর্গ। দেশের মাটি, আলো-ছায়া, এর সংগ্রামী মানুষকে তিনি নিজের মতো করে তুলে ধরেন ক্যানভাসে। নদীমাতৃক আবহমান বাংলা, নৌকা, বৈঠা, পাল, জেলে-জাল, নদীতীরবর্তী জীবনকে তিনি আঁকেন। তাঁর এই আঁকিবুকির কেন্দ্রবিন্দু শুধুই বাংলাদেশ।বরেণ্য শিল্পী হাশেম খানের একক চিত্র প্রদর্শনী চলছে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে। ১৮ ডিসেম্বর ‘বিজয়ের ৪০ বছর’ শীর্ষক এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রদর্শনীতে আছে শিল্পীর সাম্প্রতিক সময়ে আঁকা ৮০টি শিল্পকর্ম। এবারের প্রদর্শনীতে ‘নদী’ সিরিজে নয়টি নদী নিয়ে কাজ করেছেন তিনি। মুক্তিযুদ্ধের সময় বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, কর্ণফুলী, রূপসা, সুরমা, ব্রহ্মপুত্র, গোমতী, মধুমতী, করতোয়া ও ডাকাতিয়া নদীর আবহ তুলে ধরেছেন তিনি প্রতীকী উপস্থাপনায়। এ ছাড়া নৌকা, জেলে, বক, পাখপাখালি ছাড়াও রয়েছে ইতিহাসের আলোকিত অধ্যায়গুলোর শৈল্পিক উপস্থাপনা। প্রদর্শনীর সবচেয়ে বড় ক্যানভাসটির নাম ‘জয়বাংলা: ৭ মার্চ ’৭১-এর ভাষণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’। অ্যাক্রেলিকে আঁকা এ ছবিতে উঠে এসেছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের আবহ। এ ছবি স্মরণ করিয়ে দেবে একাত্তরের বীরত্বগাথা। এ ছাড়া আছে একতারা হাতে বাউল, বেশ কিছু স্থিরজীবন। স্থিরজীবনের কাজগুলোতে তিনি নানা আকারের হাঁড়িপাতিল, চুলা, প্রদীপ প্রভৃতির সমন্বয় করেছেন। প্রদর্শনী ঘুরে দেখা যায়, এবারের কাজে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকেই প্রাধান্য দিয়েছেন শিল্পী। বিজয়ের মাসের এই প্রদর্শনীতে তিনি নানা আঙ্গিকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন তাঁর শিল্পকর্মে। এ শিল্পীর ছবিতে বরাবরই উজ্জ্বল রঙের ব্যবহার দর্শকদের মুগ্ধ করে। এবারও বাংলার নিসর্গের সবুজের সঙ্গে লাল, হলুদ, কমলা, নীল রঙে তিনি দৃষ্টিসুখকর দৃশ্যপরম্পরা উপস্থাপন করেছেন। ‘সবুজ বনে সংগীত’, ‘ষড়ঋতু’, ‘আলোর অন্বেষা’, ‘পাখিরা’ নামের ছবিগুলো যেন বাংলাদেশেরই অবয়ব।প্রদর্শনী শেষ হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। কিন্তু দর্শকদের অনুরোধে হাশেম খান-পারভীন ট্রাস্ট আয়োজিত এ প্রদর্শনীর মেয়াদ আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রদর্শনী দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।শিল্পকলায় শিশু চিত্রাঙ্কনশিল্পাচার্য জয়নুল আবেদিনের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ছিল গতকাল বুধবার। এ উপলক্ষে অনুষ্ঠানে খুদে আঁকিয়েদের চিত্রকর্ম নিয়ে জাতীয় চিত্রশালায় তিন দিনের প্রদর্শনী শুরু হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পাচার্যের সহধর্মিণী জাহানারা আবেদিন, বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও রফিকুন নবী।রাজশাহীতে ডকুড্রামা প্রদর্শনীরাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গতকাল প্রাকৃতিক দুর্যোগ আইলা-সিডরভিত্তিক ডকুড্রামা দুর্যোগের সাথে বসবাস-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ব্যাঙ্গর বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম।