‘মা হারানোর বেদনার সঙ্গে আর কোনো বেদনার তুলনা হয় না।’ মা-হারা এক সন্তানের এমন উক্তিতে অনেকেরই চোখ ভিজে ওঠে। রবীন্দ্রনাথের গান শোনার পাশাপাশি নিজেদের মাকে নিয়ে স্মৃতিচারণা করছিলেন অনেকে। গতকাল শনিবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র মিলনায়তনে স্মৃতিচারণার ঘরোয়া এই আয়োজন করেছিলেন মুক্তিযোদ্ধা এ এম আতাউল হক ও ফজিলাতুন্নেছার সন্তানেরা। গত ৯ নভেম্বর না-ফেরার দেশে চলে যান তাঁদের মা।
পারিবারিক বন্ধুদের নিয়ে মাকে স্মরণ করতে এই আয়োজনে গান করেন ফজিলাতুন্নেছার মেয়ে রানী আকলিমা। ফজিলাতুন্নেছাকে মা বলে ডাকতেন সাংবাদিক মোনাজাত উদ্দিন, শাহরিয়ার কবিরেরা। তিনি গান ভালোবাসতেন বলে, সন্তানদের গানবাজনা শিখিয়েছিলেন।
রানী আকলিমা ‘দূরে কোথাও’, ‘জীবন যখন শুকায়ে যায়’, ‘সকাতরে ওই কাঁদিছে সকলি’সহ বেশ কিছু গান করে শোনান। পারিবারিক হলেও অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন রানী ও জুলফিকার আলীর বন্ধু, স্বজন ও সহকর্মীরা। মাকে স্মরণের এমন ব্যতিক্রমী আয়োজনের কথা খুব একটা শোনা যায় না।