গানে গানে মাকে স্মরণ
‘তুমি আমার জন্মধাত্রী মা’ গানটি শেষ হওয়ার আগেই কণার গলা ভারী হয়ে কান্নায় চোখ ভিজে যায়। কান্নাভেজা কণ্ঠে বললেন, ‘সব সময়ই মাকে ভালোবাসি। কখনো মাকে ভালোবাসার কথা মুখ ফুটে বলা হয় না। এ দিনটিতে মাকে ভালোবাসার কথা বলতে চাই—মা, তোমাকে অনেক ভালোবাসি।’ শুধু কণাই নন, ‘রবি মায়ের জন্য গান’ অনুষ্ঠানটিতে সেদিন অংশগ্রহণকারী সব শিল্পীর গানে এবং মায়ের জন্য আকুতিতে এক অন্য রকম আয়োজন প্রাণভরে উপভোগ করল উপস্থিত দর্শকেরা। রবি মায়ের জন্য গানে অশ্রুসিক্ত ছিল অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক মায়ের চোখ।শিমুল মুস্তফার রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মাকে মনে পড়ে’ কবিতার মধ্য দিয়েই শুরু হয় ‘রবি মায়ের জন্য গান’ অনুষ্ঠান। তাঁর ভরা কণ্ঠে গানের মধ্যে আবৃত্তি করা হয় তসলিমা নাসরিনের ‘দুঃখ হতে মা’, হুমায়ুন আজাদের ‘আমাদের মা’সহ বিভিন্ন কবিতা। ‘রবি মায়ের জন্য গান’ অনুষ্ঠানটির উদ্বোধন করেন বেগম রাবেয়া খাতুন। এ সময় তিনি বলেন, ‘মাকে সব সময়ই ভালোবাসি। মা দিবসে মাকে ভালোবাসার কথা আরও বেশি করে বলতে ইচ্ছে করে।’ তিনি তাঁর মাকে স্মরণ করে বলেন, ‘মা সব সময় আমাদের আদর ও শাসন করতেন। এখন নিজে মা হয়ে অনুভব করি, মায়ের সেই আদর ও শাসনের মধ্যে কত মমতা ছিল।’ সৈয়দ আবদুল হাদীর ‘মধুর আমার মায়ের হাসি’ গানের মধ্য দিয়ে শুরু হয় গানের মূল অনুষ্ঠান। এর আগে তিনি বলেন, ‘মায়ের সঙ্গে সব সন্তানের আত্মার সম্পর্ক। মাকে নিয়ে গাওয়া কোনো গান শেষ করতে পারিনি। গলা জড়িয়ে এসেছে।’ তাঁর মা মারা যাওয়ার পরে মাকে নিয়ে গান গাইতে গিয়ে তিনি বলেন, ‘আমার মা মারা যাওয়ার পর কোনো গীতিকার ও সুরকার ছাড়াই “আমার মায়ের আঁচলখানি” গানটি গাই। গানটি গাইলেই আমার মায়ের কথা মনে পড়ে যায়।’ পরে তিনি গানটি গেয়ে শোনান।‘এক মা আমাদের জন্ম দিয়েছেন, আরেক মা আমাদের আজীবন বুকে জড়িয়ে রেখেছে। আমাদের দুই মাকেই ভালোবাসতে হবে।’ বলেন সুবীর নন্দী। দুই মায়ের মধ্যে কোনো পার্থক্য না করার আহ্বান জানিয়ে তিনি গেয়ে শোনান ‘মাটি আমার মা জননী, মাটি আমার মা’ ও ‘ছাইড়া যাইতে পারলি’ গান দুটি। তিনি বলেন, মায়ের কাছেই তিনি প্রথম গান শেখেন।‘তুই আমার মায়ের মা হয়ে যা’ গান দিয়ে রবি মায়ের জন্য গান অনুষ্ঠানের পরিবেশনা শুরু করেন ফাহমিদা নবী। তিনি বলেন, ‘মা আমাদের কত ভালোবাসেন, সেটা নিজে মা হওয়ার পরে বুঝেছি। এখন মায়ের মিষ্টি শাসনটা অনেক বেশি অনুভব করি।’ স্বাধীনতাযুদ্ধে বীরাঙ্গনা মায়ের শত কষ্ট ও বঞ্চনার কথা স্মরণ করে ‘আমাকে দোষ দিয়ো না’ গানটি দিয়ে পরিবেশনা শেষ করেন ফাহমিদা নবী।‘ও তোতা পাখিরে’ গান দিয়ে আইয়ুব বাচ্চু তাঁর পরিবেশনা শুরু করেন। আইয়ুব বাচ্চু বলেন, ‘মা আমার আত্মার সঙ্গে মিশে আছেন। একজন নারীকে কন্যা, বোন, প্রেমিকা, মাসহ বিভিন্ন ভূমিকায় পাওয়া যায় এক জীবনে। এর মধ্যে মায়ের অবস্থান কারও সঙ্গে তুলনা করা যায় না।’ তিনি বলেন, ‘মাকে হারিয়ে এখন আমি একা হলেই কাঁদি। মাকে হারানোর বেদনা কখনোই ভোলা যায় না।’‘রবি মায়ের জন্য গান’ অনুষ্ঠানটি ফুয়াদ নাসেরের পিয়ানো ও আইয়ুব বাচ্চুর গিটারের সুরের মূর্ছনায় ভিন্ন আমেজ তৈরি করেছে। শম্পা রেজার উপস্থাপনায় বিশ্ব মা দিবসে আয়োজিত রবি মায়ের জন্য গান অনুষ্ঠানে শুভেচ্ছা জানান বিউটিশিয়ান কানিজ আলমাস খান। অনুষ্ঠানে ‘মাগো তোমায়’ ও ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ গান দুটি পরিবেশন করেন মিমি। রবি মায়ের জন্য গান অনুষ্ঠানটিতে সহযোগিতা করে ইভেন্ট প্ল্যাটার।‘জন্ম আমার ধন্য হলো মাগো’ সমবেত গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হতে হতে রাত ১০টা পেরিয়ে যায়। তখন মায়ের জন্য গানের সুরের মূর্ছনায় মগ্ন ছিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে আসা প্রতিটি দর্শক।